তেল আবিব, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়াশিংটনে ২ সেপ্টেম্বর ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা শুরুর এ আসন্ন মুহূর্তে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন আংশিক বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্তে যাবে না ইসরায়েল।
ইসরায়েলের এক ঊর্ধ্বতন মন্ত্রী রোববার রয়টার্সকে একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আহ্বানে ২ সেপ্টেম্বরে হোয়াইট হাউসে প্রায় দুই বছর পর ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে।
ইসরায়েল ইতোপূর্বে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ১০ মাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। কিন্তু ফিলিস্তিনিরা শান্তি আলোচনা শুরুর পূর্বশর্ত হিসাবে বসতিস্থাপন পুরোপুরি বন্ধের দাবি জানায়।
ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী সিলভান শ্যালম বলেছেন, আলোচনার আগে ফিলিস্তিনিদের আরো বসতি স্থাপন বন্ধের আহ্বান মেনে নেওয়া যায় না। কারণ এতে করে ইসরায়েল সরকার সংকটে পড়তে পারে এবং আগাম নির্বাচনের সম্ভাবনা দেখা দিতে পারে।
শ্যালম এক সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিশ্র"তি দিয়েছেন যে, শান্তি আলোচনার পরে বা ৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর শুরু হওয়া ইহুদিদের সর্বোচ্চ ধর্মীয় উৎসবের পর তার মন্ত্রীসভা বসতিস্থাপন ইস্যুতে ভোট অনুষ্ঠান করবে।
শ্যালম আরো বলেছেন, "তিনি (নেতানিয়াহু) আমাদের বলেছেন, ২ সেপ্টেম্বরে বসতিস্থাপন বন্ধের ব্যাপারে কোন সিদ্ধান্ত হবে না।"
মন্ত্রীদের সঙ্গে নেতানিয়াহুর রুদ্ধদার বৈঠক শেষে তিনি একথা জানান।
সরাসরি শান্তি আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ফিলিস্তিন বলেছে, পশ্চিম তীরে ১০ মাসের ইহুদি বসতিস্থাপন বন্ধের সময়সীমা ২৬ সেপ্টেম্বরের পর আবার বসতিস্থাপন শুরু হলে সরাসরি আলোচনা মুখ থুবড়ে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৬ ঘ.
bdnews24