অসলো, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রেড ক্রস ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো সংগঠন ও ব্যক্তিকে পুরস্কৃত করে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার যে উদ্দেশ্য তার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
এতে বলা হয়েছে, পুরস্কার সংশ্লিষ্ট অভিভাবকরা সুইডেনের আলফ্রেড নোবেলের উদ্দেশ্যের চেয়ে এ ক্ষেত্রে নিজেদের পরিকল্পনাকেই গুরুত্ব দিয়েছেন।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুরস্কার প্রদান কমিটির সাবেক এক চেয়ারম্যানের অপ্রকাশিত একটি ডায়েরি সূত্রে রচিত একটি বইয়ে এ কথা বলা হয়েছে।
'দ্য নোবেল পিস প্রাইজ, হোয়াট নোবেল রিয়েলি ওয়ান্টেড' নামের দিনপঞ্জি থেকে আইনজীবী ফ্রেডরিক হেফারমেহল বইটি রচনা করেছেন।
এতে বিগত দশকগুলোতে পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করা উইলের ব্যাখ্যা কীভাবে দেওয়া হয়েছে তার ত্র"টিগুলো তুলে ধরা হয়েছে।
হেফারমেহল রয়টার্সকে বলেন, "শান্তিতে পুরস্কার প্রদান কমিটি নোবেলের উইলকে বাদ দিয়ে নিজেদের পরিকল্পনা অনুসারে পুরস্কার প্রদান করেছেন। এটা তাদের নৈতিক ব্যর্থতা।"
হেফারমেহল এর আগেও আলফ্রেড নোবেলের ইচ্ছার ব্যাখ্যা দিয়ে শান্তি পুরস্কারে তা যথাযথভাবে মানা হয়নি বলে সমালোচনা করেন। তবে নোবেল কমিটি সংশ্লিষ্টরা সেই সমালোচনাকে প্রত্যাখ্যান করে।
২০০৯ সালে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।
পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে ওবামার ভূমিকা থাকলেও পুরস্কারের মনোনয়নের তালিকায় ওবামার নাম থাকা উচিৎ হয়নি। তার আংশিক কারণ আফগানিস্তান ও ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এজে/১২১২ঘ.
bdnews24