২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্যাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে পাকিস্তানি জঙ্গিরা'

জনসমর্থন লাভের উদ্দেশ্যে পাকিস্তানের জঙ্গি ও তাদের মতানুসারী গোষ্ঠীগুলো ত্রাণ তৎপরতায় ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ওয়াশিংটন, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জনসমর্থন লাভের উদ্দেশ্যে পাকিস্তানের জঙ্গি ও তাদের মতানুসারী গোষ্ঠীগুলো ত্রাণ তৎপরতায় ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে জানিয়েছে, জঙ্গিরা বিদেশি ত্রাণ কর্মীদের উপর হামলা চালাতে পারে এবং ত্রাণ তৎপরতায় ক্রমশ নিজেদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। সমালোচকরা বলছেন, পাকিস্তানে ত্রাণ তৎপরতার গতি ধীর। এক্ষেত্রে মূল ঝুঁকি হচ্ছে, ইসলামী ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠান ও জঙ্গিরা সফলভাবে সরকারি উদ্যোগের বিরুদ্ধে দুর্গতদের ক্ষেপিয়ে তুলছে। যদিও সরকারি উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক জোট সাহায্যের জন্য ছুটে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আরো জানান, জঙ্গিরা দুর্গতদের সরাসরি অর্থ দিয়েও সহায়তা করছে। তিনি আরো বলেছেন, "এ ব্যাপারটি পরিস্কার যে, জঙ্গিরা ও তাদের সহযোগী গোষ্ঠীরা বন্যাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে এবং পাকিস্তানের ব্যাপক অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে জনসমর্থন পাওয়ার লক্ষ্যে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।" ভারী মৌসুমী বন্যার কারণে পাকিস্তানে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৪৫ঘ.