২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান হুমকির হুঁশিয়ারি, সতর্ক জাতিসংঘ

বন্যাকবলিত পাকিস্তানে তালেবানরা বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলা করতে পারে বলে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখার সতর্ক উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

সুক্কুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বন্যাকবলিত পাকিস্তানে তালেবানরা বিদেশি ত্রাণকর্মীদের ওপর হামলা করতে পারে বলে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখার সতর্ক উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। বিবিসি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানে বিদেশি ত্রাণকর্মীদের ওপর তালেবানদের নতুন হামলার হুমকির কথা জানায়। এর পরপরই জাতিসংঘ জানিয়েছে, তারা পাকিস্তানে তাদের ত্রাণকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেন, পাকিস্তানে তালেবান জঙ্গিরা বন্যাদুর্গতদের জন্য ত্রাণকাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছে। যদিও পাকিস্তানে বন্যা শুরুর পর থেকে এ পর্যন্ত এরকম কোনো হামলা হয়নি। কিন্তু ওই কর্মকর্তা বলেন, তেহরিক-ই তালেবান ত্রাণকাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছে। আর তাদের এ পরিকল্পনায় পাকিস্তানের ফেডারেল ও প্রাদেশিক মন্ত্রীরাও ঝুঁকির মুখে আছেন বলে মার্কিন সরকার মনে করে। তবে এ হামলা পরিকল্পনার তথ্য কোথা থেকে পেয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র আহমেদ ফারাহ বিবিসি কে বলেন, খায়বার পাখতুনখা ও বেলুচিস্তানে ইতোমধ্যেই নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। তিনি বলেন, 'এ হুমকির মানে হয় আমাদেরকে ত্রাণকাজ কাটছাঁট করতে হবে নয়ত নিরাপত্তা ঝুঁকি কমানোর ব্যবস্থা নিতে হবে। এতে করে কিছু কিছু এলাকায় ত্রাণকাজ ব্যাহত হবে বৈকি।' কিন্তু ত্রাণ গ্রুপগুলো এ উদ্বেগ উড়িয়ে দিয়েছে। ওসিএইচএ' ত্রাণ সংগঠনের মুখপাত্র মাউরিজিও গিউলিয়ানো রয়টার্সকে বলেছেন, অন্যান্য অনেক দেশের মতো পাকিস্তানে নিরাপত্তার বিষয়টি একটি ব্যাপার হলেও সাহায্যের কাজে নিয়োজিতদের ওপর হামলা করাটা একেবারেই অমানবিক ব্যাপার-- মানুষ হিসাবে সে উপলব্ধি যে কারো থাকবে বলেই আমি আশা করি। সামরিক মুখপাত্র আব্বাসও বলেন, তালেবানরা হামলা চালাবে বলে তিনি মনে করেন না। কারণ এতে করে জনরোষ সৃষ্টি হবে। পাকিস্তান দক্ষিণ সিন্ধু অঞ্চলে বৃহস্পতিবার নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা লাভেরও চেষ্টা চলছে। সুজাওয়াল, দারো এবং মীরপুর বাতোরো শহর মিলিয়ে প্রায় ৪ লাখ লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ধু নদীর পানি তীর ছাপিয়ে প্রবাহিত হতে থাকায় এ নির্দেশ দেওয়া হয়েছে। দেশজুড়ে বন্যার পানি সরে যেতে শুরু করলেও আরব সাগরে উত্তাল ঢেউ এবং আরো বৃষ্টির আশঙ্কায় সিন্ধুর দক্ষিণাঞ্চলে বন্যার ঝুঁকি এখনো রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৫ ঘ.