২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ-এর নথি প্রকাশ করেছে উইকিলিকস

'দ্য উইকিলিকস' ওয়েবসাইট আবার যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ করেছে। বুধবার সংস্থাটি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র গোপন নথি প্রকাশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ওয়াশিংটন, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'দ্য উইকিলিকস' ওয়েবসাইট আবার যুক্তরাষ্ট্রের গোপন নথি প্রকাশ করেছে। বুধবার সংস্থাটি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র গোপন নথি প্রকাশ করে। এ নথিতে মার্কিনিদের নিয়োগ দেওয়ায় জঙ্গি সংগঠন আল কায়েদার আগ্রহ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এতে করে যুক্তরাষ্ট্র 'সন্ত্রাস রপ্তানিকারক' হিসাবে চিহ্নিত হলে বিতর্কে জড়িয়ে পড়বে। সন্ত্রাস রপ্তানীকারক হিসাবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির প্রতিক্রিয়া যাচাইমূলক সিআইএ'র তিন পাতার এ নথিটি ফেব্রুয়ারির। এতে বলা হয়েছে, মার্কিনিদের সন্ত্রাসে জড়িত হওয়াটা সদ্য কোনো ব্যাপার নয়। উইকিলিকসের প্রকাশিত নথিতে যুক্তরাষ্ট্র-ভিত্তিক বা যুক্তরাষ্ট্রের মদদে ইহুদি, মুসলিম এবং আইরিশ সন্ত্রাসীদের বিভিন্ন হামলায় জড়িত থাকার কথা বলা হয়েছে। তাছাড়া, এতে মার্কিন অধিবাসীদের কয়েকটি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কথাও বলা হয়েছে। বিদেশে মার্কিন নাগরিকদের প্রায়ই এরকম সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকা নিয়ে মিত্রদেশগুলো যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী রপ্তানীকারক হিসাবে দেখলে এর কী প্রভাব পড়তে পারে সে স্পর্শকাতর প্রশ্নই তুলে ধরা হয়েছে নথিতে। সিআইএ'র তথাকথিত 'রেড সেল' থেকে উইকিলিকস এ গোপন নথি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর এ সেল গঠন করা হয়। এর আগে গত মাসে ওয়েবসাইটটি আফগান যুদ্ধের ওপর মার্কিন সেনাবাহিনীর প্রায় ৭০ হাজার গোপন নথি প্রকাশ করেছিল। এক মার্কিন কর্মকর্তা এ নথি তেমন জোরালো কিছু নয় বলে উড়িয়ে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য আল কায়েদা ও অন্যান্য জঙ্গি সংগঠন মার্কিনিদের বড় ধরনের সম্পদ বলে মনে করে এতে কোনো সন্দেহ নেই। মার্কিন নাগরিকদের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা কঠিন বলে আল কায়েদা তাদেরকে নিয়োগ করতে পছন্দ করে। আরব মুসলিমদের চেয়ে তারা ভিন্ন প্রকৃতির এবং ইন্টারনেটসহ অন্য অনেক উপায়েই তারা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে মিত্রদেশগুলোর সহযোগিতা হারাতে পারে। আবার বিদেশি সরকারগুলো বিদেশে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সন্দেহভাজন মার্কিন নাগরিকদের গোপনে বহিস্কার করার উদ্যোগও নিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/১৬৩০ঘ.