সিউল, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার নিঃসঙ্গ নেতা কিম জং-ইল ছেলেকে সঙ্গে নিয়ে তার একমাত্র শক্তিশালী মিত্র চীন সফরে গেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একটি সূত্র এবং স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানায়।
আগামী মাসে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির (ডব্লিওপিকে) সভাকে সামনে রেখেই এ সফর।
বিশ্লেষকরা বলছেন, সভায় কিম জং-ইলের ছেলে কিম জং-আনকে তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হবে। ডব্লিওপিকের সভায় পূর্বে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে অনুমোদন করা হয় মাত্র।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রেসিডেন্টের সূত্র জানায়, "আমরা জানতে পেরেছি কিম জং-ইল চীন সফর করছেন। যদি তিনি পৌঁছে না থাকেন তবে তিনি যাত্রাপথে আছেন।"
দক্ষিণ কোরীয় টেলিভিশন চ্যানেল ওয়াইটিএন প্রেসিডেন্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রচার করে জং-ইলের সঙ্গে তার ছেলে রয়েছেন।
কিম তার শাসনামলে খুব কমই অন্য দেশ সফর করেছেন। কিন্তু দেশের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে গত মে মাসে তিনি চীন সফর করেন।
তিনি সবসময় নিজস্ব ট্রেনে সফর করেন এবং ধারণা করা হয় তার বিমানভীতি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩১২ঘ.
bdnews24