ওয়াশিংটন, ২৫ অগাস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্টেম সেল গবেষণার জন্য সরকারি তহবিল বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করার জেলা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে যুক্তরাষ্ট্র প্রশাসন।
আদালতের রায়ে হতবাক ও আশাহত ওবামা প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান।
কারণ এ রায়ে হোঁচট খেয়েছে স্টেম সেল গবেষণার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের তহবিল বাড়ানোর পরিকল্পনা।
বিচার বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, "সোমবার আদালত যে রায় দিয়েছে তা তুলে নেওয়ার জন্য ওবামা প্রশাসন আবেদন করবে।" এ সপ্তাহেই আপিল করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য পরিচালনা প্রতিষ্ঠানের ডাক্তার ফ্রান্সিস কলিনস বলেন, বর্তমানে ১৩১ মিলিয়ন ডলার ব্যয়ে চলা স্টেম সেল গবেষণা চলতে থাকবে। কিন্তু এ গবেষণায় তহবিল বাড়ানোর যে প্রস্তাব বিবেচনাধীন রয়েছে তা বেড়াজাল মুক্ত করা হবে।
ডেমোক্র্যাটিক সিনেটর টম হারকিন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার একটি শুনানি অনুষ্ঠানের আহ্বান জানান।
স্টেম সেল নিয়ে গবেষণায় মানব ভ্র"ণ নষ্ট করা হচ্ছে বলে যে সমস্ত বিজ্ঞানী দাবি করছেন মার্কিন জেলা আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চ মাসে স্টেম সেল গবেষণায় তহবিল বরাদ্দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন।
স্টেম সেল গবেষণা স্মৃতিক্ষয় ও পারকিনসনস রোগের মতো এরকম অনেক জটিল রোগের চিকিৎসার জন্য উপকারী বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।
সমালোচকরা বলছেন, ওবামার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ স্টেম সেল গবেষণার জন্য তহবিল নিষিদ্ধ করায় আলঝেইমার, পারকিনসন এবং ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা আবিস্কারের কাজ ব্যাহত হচ্ছে।
কিন্তু মার্কিন জেলা আদালতের বিচারক রয়সে ল্যামবার্থ ১৫ পৃষ্ঠার রায়ে লেখেন, "ইএসসি (এমব্রায়োনিক স্টেম সেল) গবেষণা স্পষ্টতই এমন এক গবেষণা যাতে মানব ভ্র"ণ ধ্বংস হয়।"
আর এমন হলে স্টেম সেল গবেষণার জন্য ফেডারেল তহবিল বরাদ্দ মার্কিন আইনে নিষিদ্ধ।
তবে আদালতের এ রায়ে স্টেম সেল গবেষণায় মারাত্মক কোনো ক্ষতি হচ্ছে না বলেই জানিয়েছেন ল্যামবার্থ। কারণ, এ রায়ে স্টেম সেল গবেষণার জন্য গবেষকদের বেসরকারি তহবিল পাওয়ার পথ বন্ধ করা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৫ ঘ.
bdnews24