বাগদাদ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে রাজধানী বাগদাদসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর ওপর বুধবার আত্মঘাতী বোমারু ও অন্যান্য হামলাকারীদের কয়েক দফা হামলায় অন্ততপক্ষে ৬২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াইশ'রও বেশি মানুষ।
যুক্তরাষ্ট্র ইরাকে যুদ্ধ মিশন শেষ করার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় এ হামলা হল। এ থেকে ইরাকের নাজুক নিরাপত্তা ব্যবস্থা এবং উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির চিত্র স্পষ্ট।
বাগদাদের ১৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে কুট শহরে এক আত্মঘাতী হামলাকারীর গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৩০ পুলিশ নিহত হয়েছে এবং আহত হয়েছে ৮৭ জন।
ওয়াসিত প্রদেশের র্যাপিড রেসপন্স পুলিশ ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আজিজ আল-আমারাহ একথা জানিয়েছেন।
টেলিফোনে আমারাহ জানান, হামলায় পুলিশ ভবনের অনেকাংশই ধসে পড়েছে। ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে আছে পুলিশ প্রধানসহ অন্যান্যদের মৃতদেহ।
ওদিকে, বাগদাদে আরেকটি পুলিশ স্টেশনে ট্রাক বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে।
বাগদাদের উত্তরাঞ্চলীয় কাহিরা জেলায় এ হামলা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশসূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী হামলাকারী ট্রাকটির বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ স্টেশনের দালানের এক অংশ ধসে পড়ে। আশ-পাশের বেশ কয়েকটি বাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।
বাগদাদের নিরাপত্তা বিভাগের মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল মুসাওয়ি কাহিরার হামলায় নিহতের সংখ্যা ৪ এবং আহতের সংখ্যা ৩৫ উল্লেখ করেছেন।
বাগদাদের দক্ষিণপশ্চিমে কারবালা শহরে আরেকটি পুলিশ স্টেশনের কাছে গাড়ি বোমা হামলায় অন্ততপক্ষে ২৯ জন আহত হয়েছে। স্বাস্থ্য বিভাগের একটি সূত্র একথা জানায়।
বাগদাদের আল আমিল জেলায় বন্দুকধারীরা একটি পুলিশ ফাঁড়িতে এক পুলিশকে হত্যা করেছে এবং আরেকজনকে আহত করেছে।
ওদিকে, শিয়া অধুষ্যিত কাদিমিয়া শহরে একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছে অন্ততপক্ষে ৩ জন এবং আহত হয়েছে ১৪ জন। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরপূর্বে বুরিজ এলাকায় পুলিশদের বাড়ির কাছে বন্দুকধারীদের ঘটানো বোমা বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে। বন্দুকধারীরা বোমা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ইরাকি আল কায়েদা শাখার পতাকাও ওড়ায় বলে জানায় পুলিশ।
এছাড়াও দিয়ালা, আনবার প্রদেশসহ কিরকুক নগরীতে অন্যান্য হামলা মিলিয়ে নিহতের সংখ্যা ৬২ তে পৌঁছেছে। হামলাগুলো সমন্বিতভাবে চালানো হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
কিরকুকে গাড়িবোমা হামলায় ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বসরাতেও গাড়িবোমা হামলায় ১ জন নিহত হয়েছে।
বসরায় একটি পুলিশ স্টেশনের কাছে পার্ক করে রাখা বিস্ফোরক ভর্তি মিনিবাস বিস্ফোরণে ১২ জন আহত হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।
বাগদাদের নিরাপত্তা বিভাগের মুখপাত্র কাশিম আল মুসাউই এ হামলার ঘটনার জন্য সুন্নি আল কায়েদা জঙ্গিদের দায়ী করেছেন।
যুক্তরাষ্ট্র ইরাকে যুদ্ধ মিশন শেষ করার এ অন্তিম মুহূর্তে দেশে এ ধরনের আরো হামলার ঘটনা ঘটার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি।
তিনি বলেন, "ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এ সময়টিতে শত্র"রা সর্বশক্তি দিয়ে সন্ত্রাসী হামলা বাড়ানোর চেষ্টা করছে। এ সমস্ত সন্ত্রাসী হামলা মোকাবেলা করার পরিকল্পনা আমাদের আছে।"
মার্চে ইরাকে অমীমাংসিত নির্বাচনী ফলাফলের পর রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়। এরপর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলা একটি নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই ৩১ অগাস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধ সমাপ্তের ঘোষণা দিয়েছে। যার ধারাবাহিকতায় ইরাকে ইতোমধ্যেই মার্কিন সেনা সংখ্যা ৫০ হাজারের নিচে নামিয়ে আনা হয়েছে।
জঙ্গিরা ইরাকের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শূন্যতার সুযোগ নিতে পারে বলে বার বার হুঁশিয়ারি উচ্চারণ করছে বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৫০৩ঘ.
bdnews24