সুক্কুর, পাকিস্তান, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বন্যা পরবর্তী বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (আইএমএফ) সহায়তা চাইবে পাকিস্তান।
পাকিস্তানের কর্মকর্তারা সোমবার আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনে এ বিষয়ে এক বৈঠকে মিলিত হবেন।
ওদিকে, পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আবারো বন্যা শুরু হয়েছে।
গত শনিবার আইএমএফ বলেছে, বন্যায় পাকিস্তানের ফসল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ৪০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারানোয় এ দুর্যোগের মাত্রা আকাশচুম্বি হয়েছে বলে তারা পাকিস্তানের বাজেট এবং অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করবে।
পাকিস্তানের ৪ দশমিক ৫ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার বিপরীতে সেখানে বর্তমানে এ প্রবৃদ্ধি শূন্য থেকে ৩ শতাংশের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
দুর্বল অর্থনীতি পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান।
বন্যায় পাকিস্তানের সাড়ে ৪২ লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে বলে দেশটির খাদ্যমন্ত্রি নজর মুহাম্মদ গোন্দাল রয়টার্সকে জানিয়েছেন।
পাকিস্তানের অর্থনীতির ওপর বন্যার প্রভাব ও ক্ষয়ক্ষতি এবং তা থেকে দেশটির অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আইএমএফ কিভাবে কাজ করতে পারে তা নিয়ে পর্যালোচনা করবে বলে জানায় আইএমএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২৪ ঘ.
bdnews24