২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার ১৭ দিন পরও বেঁচে আছে চিলির ৩৩ খনি শ্রমিক

চিলির খনিতে ১৭ দিন আগে আটকে পড়া ৩৩ জন শ্রমিক এখনো জীবিত রয়েছে বলে রোববার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। আটকে পড়া শ্রমিকরা খনির অভ্যন্তরে একটি আশ্রয়কেন্দ্রে রয়েছে। সেখান থেকে এক টুকরো কাগজে লাল কালিতে একটি বার্তা পাঠায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 04:56 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

সান্তিয়াগো, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিলির খনিতে ১৭ দিন আগে আটকে পড়া ৩৩ জন শ্রমিক এখনো জীবিত রয়েছে বলে রোববার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। আটকে পড়া শ্রমিকরা খনির অভ্যন্তরে একটি আশ্রয়কেন্দ্রে রয়েছে। সেখান থেকে এক টুকরো কাগজে লাল কালিতে একটি বার্তা পাঠায় তারা। টেলিভিশনে দেওয়া ভাষণে পিনেরা আটকে পড়া শ্রমিকদের পাঠানো বার্তাটি পড়ে শোনান। সেখানে লেখা রয়েছে, "আমার ৩৩ জন আশ্রয়কেন্দ্রে ভালো আছি।" তবে তাদের উদ্ধার করতে প্রায় ৪ মাস সময় লাগবে বলে জানিয়েছে উদ্ধার তৎপরতায় নিয়োজিত বিশেষজ্ঞরা। উদ্ধারকারীরা জানিয়েছে, খনির অভ্যন্তরে ছোট্ট ক্যামেরা পাঠিয়ে দেখা গেছে আটকে পড়া শ্রমিকরা তাদের ধারণার চেয়ে অনেক ভালো আছে। গত ৫ অগাস্ট চিলির উত্তরাঞ্চলীয় চোপিয়াপো শহরের কাছাকাছি একটি ছোটো স্বর্ণ ও তামা খনিতে শ্রমিকরা আটকে যায়। তারপর থেকে অভ্যন্তরে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টের মতো আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়ে বেঁচে আছে। ভূ-পৃষ্ঠ হতে প্রায় ৪ মাইল অভ্যন্তরে শ্রমিকরা আটকে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে খুব কম খাদ্য রয়েছে। তাই গ্লুকোজ, সমৃদ্ধ খাবার পানি এবং অন্যান্য খাবারের সঙ্গে ওষুধও পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিলি বিশ্বের এক নম্বর তামা উৎপাদনকারী দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪২ঘ.