২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যায় ৪০ লক্ষাধিক মানুষ গৃহহীন: জাতিসংঘ

পাকিস্তানে প্রায় তিন সপ্তাহের বন্যায় ৪০ লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ইসলামাবাদ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে প্রায় তিন সপ্তাহের বন্যায় ৪০ লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাতিসংঘ বৃহস্পতিবার একথা জানায়। এ পরিস্থিতে বন্যা তহবিল বাড়ানোর কঠিন কাজটি আরো জরুরি হয়ে দেখা দিয়েছে। বন্যাদুর্গতদের জন্য আন্তর্জাতিক সাহায্য বাড়াতে জাতিসংঘ ইতোমধ্যেই জরুরি অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। জাতিসংঘ এর আগে পাকিস্তানে বন্যায় ২০ লাখ লোক গৃহহীন হওয়ার কথা জানিয়েছিল। আর এখন তারা এ সংখ্যা ৪০ লাখেরও বেশি বলে জানালো। সাহায্য সংস্থাগুলো আরো তহবিলের জন্য তাগাদা দিচ্ছে। তারা খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং দুর্গতদের আশ্রয় দানের চেষ্টা করছে। এছাড়া রোগ-বালাই যাতে না ছড়ায় সে দিকটিও তারা নজরে রেখেছে। বন্যায় ক্ষতির পরিমাণ কয়েক শ' কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকিস্তান সরকার দেশটিতে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার মুখে এই বন্যা সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় পাকিস্তানে ১৬শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪১ ঘ.