কারাকাস, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধী দলীয় দুটি সংবাদপত্রকে সহিংস ছবি প্রকাশ না করার নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলার আদালত।
তাদের দাবি শিশু-কিশোরদের মানসিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে তাদের এ পদক্ষেপ। কিন্তু এ রায় 'সেন্সরশিপ' হিসেবে সমালোচিত হয়েছে।
সরকারের কেলেঙ্কারি হিসাবে কারাকাসের মর্গে স্তুপ করে রাখা মৃতদেহের একটি ছবি সংবাদপত্রে ছাপা হওয়ার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছে।
সরকারের মতে, আসন্ন ২৬ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচনের আগে হুগো শাভেজের সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে প্রচারাভিযানের অংশ হিসেবে এ ছবি ছাপা হয়েছে।
ভেনেজুয়েলার 'ইআই নেকিয়োনাল' সংবাদপত্রে গত শুক্রবার ছবিটি ছাপা হয়েছিল। সংশ্লিষ্ট সংবাদ শিরোনামে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে নিরাপত্তাহীনতা বৃদ্ধির ইস্যুটি তুলে ধরা হয়েছে।
শহরের মর্গটিতে সহিংসতা ও সড়ক দুর্ঘটনায় নিহতদের অনেক মৃতদেহ আসে। মর্গে লাশ আর ধরছেনা এ ব্যাপারটি বোঝানোর জন্য সংবাদপত্রটি এ ছবিটি ছেপেছিল।
রায়ের পর 'ইআই নেকোনিয়াল' বুধবার তাদের প্রথম পৃষ্ঠাটি কোন ছবি ছাড়া প্রকাশ করেছে। আর দৃষ্টি আকর্ষণের জন্য সেস্থানে লেখা ছিল 'সেন্সরড'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪১৭ঘ.
bdnews24