সুক্কুর, পাকিস্তান, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুতদের শুধু নিজেদের নয়, গবাদিপশু বাঁচাতেও লড়াই করতে হচ্ছে।
অনেক গ্রামবাসীই বন্যাপ্লাবিত এলাকা ছেড়ে বাধ্য হয়ে দক্ষিণাঞ্চলের সুক্কুর শহরের আশপাশে আশ্রয় নিয়েছে। তবে ভেড়া, ছাগল, গরু ও মহিষের পাল বাঁচানো সম্ভব হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।
সিন্ধু প্রদেশের সুক্কুর শহরের কাছে একটি রাস্তায় প্রায় ১ শ' টি ভেড়ার এক পালের মধ্যে দাঁড়িয়ে এর মালিক দিলশাদ আহমেদ বলেন, "আমরা এমনিতেই গরীব। আর যদি এ পশুগুলোও মারা যায় তা আমাদের জন্য অনেক বড় সমস্যা।"
বন্যায় লাখ লাখ পশু ডুবে মারা গেলেও এখনও সর্বত্র জীবিত গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে।
রাস্তার পাশে আশ্রয় কেন্দ্রে গবাদিপশুর সঙ্গে একসঙ্গে বসবাস করছে মানুষ। সকাল বেলা সূর্য ওঠার পর পুরুষ ও বালকেরা খাদ্যের খোঁজে পশুগুলোকে নিয়ে শহরের বাইরে যায়। সন্ধ্যায় আবার পশুগুলো নিয়ে ফিরে আসে।
দিলশাদ আহমেদ বলেন, "এদের জন্য খাদ্য কেনার মতো অর্থ আমাদের কাছে নেই। আমরা শুধু এগুলোকে চারণ ভূমিতে নিয়ে যাই। তারা খুঁজে খেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৩৪ঘ.
bdnews24