ওয়াশিংটন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক থেকে শেষ মার্কিন কমব্যাট ব্রিগেড বিদায় নিয়েছে। ইরাকে মার্কিন আগ্রাসনের ৭ বছর পর ঐতিহাসিক এ সেনা প্রত্যাহার ঘটলো। (আরো তথ্যসহ)
ইরাকের প্রতিবেশী দেশ কুয়েত সীমান্ত দিয়ে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ২য় পদাতিক বাহিনীর ৪র্থ স্ট্রাইকার ব্রিগেডের সাঁজোয়া যানগুলো বের হয়ে যেতে শুরু করে।
সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন।
তবে এরপরও ইরাকে প্রশাসনিক ও কারিগরি সহায়তার জন্য ৫৬ হাজার সেনা থাকবে। বুধবার মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩১ আগস্টের মধ্যে সেনা সংখ্যা ৫০ হাজারে নামিয়ে আনা এবং ইরাকে যুদ্ধ মিশন শেষ করার প্রতিশ্র"তি দিয়েছিলেন। ওই পরিকল্পনামাফিকই এ কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করা হলো।
বিবিসি জানায়, ইরাকি বাহিনীকে উপদেশ, পরামর্শ দেওয়া এবং ইরাকে মার্কিন স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ৫০ হাজার সেনা ২০১১ সালের শেষ নাগাদ সেখানে থাকবে।
আর বাকী ৬ হাজার সেনা ইরাকে থাকবে এ মাসের শেষ পর্যন্ত। ফলে ওবামার প্রতিশ্র"তি অনুযায়ী সেনা সংখ্যা ৫০ হাজারে নামাতে অপেক্ষা করতে হবে আর কয়েকদিন।
টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজ বুধবার সন্ধ্যায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শেষ কমব্যাট বাহিনী ইরাক থেকে চলে গেছে।
টিভি ফুটেজে দেখানো হয়েছে, সেনারা বর্ডার গেট থেকে বের হচ্ছে এবং সে গেটগুলো এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যেন শেষ যানটি বের হলো।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ইরাক যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/সিআর/১২১১ঘ.
bdnews24