বেইজিং, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের সামরিক শক্তি নিয়ে পেন্টাগনের প্রতিবেদন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে হুমকি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ হুঁশিয়ারি দিয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগন সোমবার এক প্রতিবেদনে বলে, চীন স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করে, সাবমেরিন সেনা ও পরমাণু চুল্লি বাড়িয়ে গোপনে তার সামরিক শক্তি বাড়াচ্ছে।
তাইওয়ানের বিরুদ্ধে 'সামরিক হুমকি' সৃষ্টি করতে তারা নানা পদক্ষেপ নিচ্ছে এবং এতে ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করে পেন্টাগন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গেং ইয়ানশেং বুধবার বলেন, সাধারণভাবে চীনের সামরিক শক্তি বাড়ানোর বিষয়কে অতিরঞ্জিত করে প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগন এবং তাতে উল্লেখ করা তাইওয়ানের বিরুদ্ধে চীনের 'সামরিক হুমকি'র বিষয়টি একেবারেই ভিত্তিহীন।
তিনি বলেন, "চীন-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্কের উন্নয়ন ও অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশিত এ প্রতিবেদন কোনোভাবেই লাভজনক নয়।"
চীনের সমুদ্র উপকূলের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌ সেনাদের যৌথ সামরিক মহড়ায় চীন-যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে।
তার ওপরে চীনের সামরিক শক্তি বাড়ানো নিয়ে পেন্টাগনের এ প্রতিবেদন সেখানে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/২৩১৮ ঘ.
bdnews24