বেইজিং, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর-পূর্ব চীনে মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি উত্তর কোরিয়ার সামরিক বিমান হতে পারে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে।
পরিচয় প্রকাশে অচ্ছিুক সরকারী কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া একথা জানায়।
তবে বিবিসি জানিয়েছে, বিমানটি উত্তর কোরিয়ার বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
স্থানীয় অধিবাসীরা বিধ্বস্ত বিমানটির ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করে। এতে বিমানটির শেষাংশে উত্তর কোরিয়ার পতাকা দেখা গেছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, বিমানটি মঙ্গলবার লিয়ায়োনিং প্রদেশে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বিমানটি হচ্ছে উত্তর কোরিয়ার যুদ্ধ বিমান যেটি নিয়ে এর পাইলট উত্তর কোরিয়া থেকে পালিয়ে যেতে চেয়েছিল।
সিনহুয়ার বিশদ প্রতিবেদনে পাইলটের অবস্থা কিংবা বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, চীন উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সমর্থক। উত্তর কোরিয়া খাদ্য ও জ্বালানির জন্য চীনের ওপর নির্ভর করে।
বিধ্বস্ত বিমানটি উত্তর কোরিয়ার হয়ে থাকলে তা দুপক্ষে বড় ধরনের কোনো সংঘাত সৃষ্টি না করলেও দুপক্ষের মধ্যে বিব্রতকর পরিস্থিতির উদ্রেক করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৪ ঘ.
bdnews24