এথেন্স, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সামরিক সম্পর্ক বাড়াতে মঙ্গলবার এথেন্সে বৈঠক করেছেন ইসরায়েল ও গ্রিসের নেতারা। নতুন এ উদ্যোগে সামরিক সহযোগিতা বাড়ানো এবং যৌথ সামরিক মহড়া চালাতে আগ্রহী দু'দেশ।
কর্মকর্তারা একথা জানিয়েছেন।
গত মে মাসে গাজাগামী তুর্কি ত্রাণবহরে ইসরায়েলি হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের বৈরি সম্পর্ক তৈরি হয়েছে। তাই ইসরায়েল গ্রিসের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রিসে দুই দিনের সফরের শেষ পর্যায়ে রয়েছেন। তিনি বলেন, "দুই দেশ এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।"
বেনিয়ামিন সাংবাদিকদের বলেন, তিনি এবং গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
নেতানিয়াহুর সফরসঙ্গীদের মধ্যে একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ আলোচনার মাধ্যমে উভয় দেশের সামরিক শিল্প ও সেনাবাহিনীর মধ্যে বড় ধরনের পারস্পরিক সহায়তার নিশ্চয়তা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের একজন কর্মকর্তা যৌথ সামরিক মহড়া ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়সহ প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু নিয়ে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৩ ঘ.
bdnews24