২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি নিরাপত্তা ফার্ম নিষিদ্ধ করছে আফগানিস্তান

আফগানিস্তানে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলোর কার্যক্রম আগামী ৪ মাসের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 05:20 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

কাবুল, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলোর কার্যক্রম আগামী ৪ মাসের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। কাবুলে এক অধ্যাদেশে সই করে কারজাই মঙ্গলবার কোম্পানিগুলোকে এ সময়সীমা বেধে দেন। কারজাইয়ের এ সিদ্ধান্ত ন্যাটো বাহিনীর কাছ থেকেই বিরোধিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ন্যাটো বাহিনী সেনাবহর ও সেনা ঘাঁটির নিরাপত্তা প্রহরী হিসাবে কাজে লাগায় এসব বেসরকারি কন্ট্রাকটরদের। অধ্যাদেশে বলা হয়েছে, অনিয়ম ঠেকাতে কোম্পানিগুলো উঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এ সমস্ত কোম্পানিতে পশ্চিমা এন্টারপ্রাইজগুলোর হয়ে কাজ করে প্রায় ৪০ হাজার মানুষ। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সই করা এ অধ্যাদেশে কারজাই বলেন, "আমি সব স্থানীয় ও বিদেশি নিরাপত্তা কোম্পানি ৪ মাসের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিচ্ছি।" এতে আরো বলা হয়, অস্ত্রের অপব্যবহার এড়াতে ফার্মগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া ফার্মগুলো অস্ত্র আফগান সরকারের কাছে বিক্রি করতে পারে অথবা তারা অস্ত্র তাদের সঙ্গে নিয়ে যেতে পারে যদি ফার্মগুলো সঠিকভাবে নিবন্ধীকৃত হয়ে থাকে। কিন্তু যেসব ফার্মের নাম নিবন্ধন করা নেই তাদের অস্ত্র জব্দ করা হবে। ওই সমস্ত ফার্মের কর্মচারীদের ভিসার মেয়াদও শেষ করা হবে। আফগানিস্তানে সরকারিভাবে নিবন্ধিত ৫২ টি দেশি বিদেশি বেসরকারি নিরাপত্তা ফার্ম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২৩১৫ ঘ.