এথেন্স, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---------ফিলিস্তিনের সঙ্গে খুব শিগগিরই সরাসরি শান্তি আলোচনায় বসার আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গ্রিস সফররত নেতানিয়াহু সোমবার প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ''আগামী দিনগুলোতে আমরা যে কোনরকম পূবশর্ত ছাড়াই ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার দিকে এগুচ্ছি তা ক্রমেই পরিস্কার হয়ে উঠছে। আশা করি এ আলোচনা খুব শিগগিরিই হবে।''
"আলোচনায় অগ্রগতি আনার জন্য কায়রো, ওয়াশিংটন বা অন্য যে কোন জায়গায় যেতে আমরা প্রস্তুত।"
মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী চার পক্ষ যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ এবং রাশিয়া যখন ফিলিস্তিনের নেতাদের সরাসরি শান্তি আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে ঠিক সে সময়টিতেই এ মন্তব্য করলেন নেতানিয়াহু।
এর আগে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ পরিস্কার না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানান ।
গত মার্চ থেকে ইসরায়েল ও ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ শান্তি আলোচনা চালাচ্ছে।
২০০৮ সালে হামাসের রকেট হামলার প্রতিবাদে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করলে শান্তি আলোচনা ভেস্তে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24