বাগদাদ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার সেনা সংগ্রহ কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত ও ১২৩ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ)
ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিশন শেষের মাত্র ২ সপ্তাহ আগে এ হামলা হল।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের মেডিয়া অফিস বলেছে, বাগদাদের কেন্দ্রীয় ময়দান স্কয়ারের কাছে সেনা ঘাঁটিতে এ হামলায় মোট ৫৭ জন নিহত এবং ১২৩ জন আহত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়াতে পারে।
সেনা সংগ্রহ কেন্দ্রটি সাদ্দামের শাসনামলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকে এটি সেনা সংগ্রহ কেন্দ্র ও সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ কেন্দ্রে প্রতি সপ্তাহে পরীক্ষা নিয়ে ২৫০ জনকে সেনাসদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। হামলাকারীদের লক্ষ্য ছিল এ ভাবি সেনা সদস্যরাই।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সেনাসূত্র জানিয়েছেন, সুন্নি মৌলবাদী আল কায়েদা ও এর স্থানীয় সহযোগী অন্তত দুজন এ আত্মঘাতী হামলায় অংশ নিয়েছে বলে ধারণা করছেন তিনি।
বাগদাদের কাছের ওই সেনা দপ্তরে হামলায় হতাহতরা সবাই সেনাবাহিনীতে নাম লেখাতে লাইনে দাঁড়িয়েছিলেন। সেখানে অন্যান্য কর্মকর্তা ও সেনাও ছিল। এ সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।
সেনাবাহিনীতে নাম লেখাতে আসা এক আহতের উক্তি, আল্লাহকে ধন্যবাদ যে আমার একটি হাতেই কেবল আঘাত পেয়েছি।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ইরাকে রক্তক্ষয়ী হামলা চলছে। এ ঘটনা তারই ধারাবাহিকতা।
নির্বাচনের পাঁচ মাস পরেও সরকার গঠন না হওয়ায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
এছাড়া যুক্তরাষ্ট্র এ মাসেই ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব দিয়ে ইরাক যুদ্ধের ইতি টানবে বলে ঘোষণা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হামলা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫২৭ঘ.
bdnews24