ওয়াশিংটন, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের 'গ্রাউন্ড জিরো'র কাছে মসজিদ ও মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ পরিকল্পনার বিষয়ে মন্তব্য করায় রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকানরা।
নির্বাচনের পর এক বছরের মধ্যেই ওবামা জাতি থেকে 'বিচ্ছিন্ন' হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেছেন তারা।
২০০১ সালে নিউ ইয়র্কে আল কায়েদার সন্ত্রাসী হামলাস্থল 'গ্রাউন্ড জিরো' থেকে দুই ব্লক দূরে 'করডোবা হাউস' নামের এ মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ পরিকল্পনার সমর্থন দিয়ে শুক্রবার বিতর্কে জড়িয়ে পড়েন ওবামা।
এ পরিকল্পনার বিরোধিতা করে প্রখ্যাত রিপাবলিকান নেতারা বলেছেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হামলার ক্ষতটাকে আবারো জাগিয়ে তুলবে।
'ফক্স নিউজ সানডে' অনুষ্ঠানে অংশ নিয়ে টেক্সাসের রিপাবলিকান নেতা জন করনিন বলেন, "এটা ধর্মের স্বাধীনতার বিষয় নয়। কারণ নৈতিকতা অনুযায়ী প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতাকে আমরা শ্রদ্ধা করি। তবে সন্ত্রাসী হামলার শিকার হয়ে যে স্থানে তিন হাজার আমেরিকান তাদের জীবন দিয়েছেন সেখানে মসজিদ নির্মাণ করাকে বোকামি মনে করি আমি।"
তিনি বলেন, "আমার মনে হচ্ছে, ওয়াশিংটন, হোয়াইট হাউস, প্রশাসন ও প্রেসিডেন্ট নিজেই আমেরিকার মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।"
নিউ ইয়র্কের পক্ষ থেকে কংগেসের সদস্য ও রিপাবলিকান দলের নেতা পিটার কিং ও প্রকল্পটির বিরোধিতা করেন।
মসজিদ ও মুসলিম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের স্থান পুনরায় বিবেচনা করার জন্য এ প্রকল্পের উদ্যোক্তা মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এ মাসের শুরুতে নিউ ইয়র্ক সিটি এজেন্সি ১৩ তলা বিশিষ্ট করডোবা হাউস নির্মাণে কোনো বাধা নেই বলে জানায় যাতে মসজিদ, সভা কক্ষ, একটি মিলনায়তন ও একটি পুল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/২২২৩ ঘ.
bdnews24