দামেস্ক, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করে ইসরায়েলের সঙ্গে পুনরায় সরাসরি আলোচনা শুরু না করার জন্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছে হামাসসহ আরও দুটি রাজনৈতিক দল।
সিরিয়ার রাজধানী দামেস্কতে রোববার ইসলামিক জিহাদসহ অন্য সংগঠনটির সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ন্ত্রণকারী হামাস এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, "ইসরায়েল ক্রমশ একঘরে হয়ে পড়ায় বাঁচার জন্য সরাসরি আলোচনায় বসার ওপর জোর দিচ্ছে।"
বিবৃতিতে আরো বলা হয়েছে, "সরাসরি আলোচনায় ফিরে আসলে ফিলিস্তিনি জনগণের জাতীয় অধিকারের বিষয়টি নিশ্চিহ্ন করার যে বাসনা যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্রটির তা পূর্ণ হবে।"
পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন এর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহের আল-তাহের বিবৃতিটি পড়ে শোনান।
বিবৃতিতে 'দ্য ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন'ও (ডিএফএলপি) স্বাক্ষর করেছে। এ সংগঠনটি দীর্ঘ দিন ধরে ইসরায়েলের সঙ্গে সমঝোতার লক্ষ্যে আলোচনা করছে এবং ফিলিস্তিনি শাসক কর্তৃপক্ষের মধ্যে তাদের একজন মন্ত্রীও রয়েছে।
ডিএফএলপি জানায়, আন্তর্জাতিক তত্ত্বাবধান ব্যতিত ও গাজা অবরোধ তুলে না নিলে সরাসরি আলোচনা পুনরায় শুরু করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১৩ঘ.
bdnews24