২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বড় তেলক্ষেত্রের সন্ধান

আফগানিস্তান রোববার দেশের উত্তরাঞ্চলে ১ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল তেলসমৃদ্ধ একটি নতুন তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

কাবুল, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তান রোববার দেশের উত্তরাঞ্চলে ১ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল তেলসমৃদ্ধ একটি নতুন তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে। ওই অঞ্চলটিতে তালেবান জঙ্গিদের তৎপরতা ঠেকানোর চেষ্টায় আছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি বাহিনী। খনি মন্ত্রণালয়ের মুখপাত্র জাওয়াদ ওমর বলেছেন, আফগান ও আন্তর্জাতিক ভূতত্ত্ববিদদের জরিপের পর উত্তর বালখ ও সিবেরঘান প্রদেশের মাঝামাঝি জায়গায় তেলক্ষেত্রটির সন্ধান মিলেছে। তিনি রয়টার্সকে বলেন, বাজারে এ তেলক্ষেত্রের মূল্য কত তা আমি জানি না। প্রাথমিক জরিপে জানা গেছে, ওই তেলক্ষেত্রে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল তেল আছে। তবে আমার ধারণা সেখানে আরো বেশি তেল থাকবে। তেলক্ষেত্রে মজুদ তেলের পরিমাণ কিভাবে হিসাব করা হলো এ বিষয়ে ওমর বিস্তারিত কিছু জানান নি। তবে তিনি আগামী মাসগুলোতে আফগানিস্তানের অন্যান্য খনিজ সম্পদের সঙ্গে এ তেল উন্নয়নকাজে ব্যবহার করা হবে বলে জানান। এর আগে বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবমতে, আফগানিস্তানে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের খনিজ সম্পদ রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এতো খনিজ সম্পদ থাকা স্বত্ত্বেও এর সুফল ভোগ করতে আফগানদের অনেক সময় লাগবে। পশ্চিমাদের অর্থসহায়তার ওপর থেকে নির্ভরশীলতা কমাতে দেশের বিপুল পরিমাণ খনিজ সম্পদ সহায়ক হবে এমনটিই আশা করে আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯০০ ঘ.