মস্কো, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রথম বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হতে চলেছে। রাশিয়া শুক্রবার জানিয়েছে, ২১ আগস্ট ওই কেন্দ্রের পারমাণবিক চুল্লিতে তারা জ্বালানি ভরতে শুরু করবে।
এর মধ্য দিয়ে ৪০ বছরের বিলম্বের পর রাশিয়ার সহায়তায় প্রকাশ্যে পরমাণু ব্যবহার শুরু হচ্ছে ইরানে।
ইরানে ১৯৯৫ সালে রাশিয়া বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাজি হয়। ১৯৭০ সালে জার্মান কোম্পানি সিমেন্স এর শুরু করা একটি প্রকল্পের স্থলেই এই কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় রাশিয়া।
কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আপত্তি তুললে প্রকল্পের কাজ ব্যাহত হয়।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করতে বিশ্বশক্তিগুলোর তেহরানকে চাপের মুখে রাখার প্রচেষ্টার মধ্যে বুশেহর কেন্দ্র তৈরির কাজে রাশিয়ার সহায়তার সমালোচনা করে যুক্তরাষ্ট্র।
পশ্চিমাদের ধারণা বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে আসছে।
মস্কো একবার ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফেরত পাঠানোর শর্ত দিয়ে তেহরানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পশ্চিমাদের আশঙ্কা কিছুটা দূর হয়েছিল।
কিন্তু বুশেহর কেন্দ্র গড়তে রাশিয়ার সহায়তাই প্রমাণ করে যে ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সত্যিই শান্তিপূর্ণ হলে তাদের নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন নেই। ওয়াশিংটনে এক বিবৃতিতে একথা বলেছেন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র মার্ক টোনার।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, বুশেহর কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠান হবে সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতেই।
এর প্রায় ৬ সপ্তাহ পর এর বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩১ ঘ.
bdnews24