সিঙ্গাপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গুগল ও ইন্টারনেট-ভিত্তিক স্কাইপ সার্ভিস বন্ধ করে দিতে পারে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।
সরকার একই কারণে ব্ল্যাকবেরি ফোন সার্ভিসও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ব্ল্যাকবেরি ফোন প্রস্তুতকারক 'আরআইএম' ৩১ আগস্টের মধ্যে সরকারকে তাদের সব সার্ভিসের ওপর নজরদারি করতে না দিলে এ সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।
রাষ্ট্রের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এ ধরনের যোগাযোগ সার্ভিসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সে পথ খুঁজে বের করতে ভারতের টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় ও নিরাপত্তা কর্মকর্তারা ১২ জুলাই বৈঠক করেছে।
ওই বৈঠকেরই কয়েক মিনিটের আলোচনার উদ্ধৃতি তুলে ধরে ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।
নিরাপত্তা বৈঠকে সবাই একটি ব্যাপারে একমত হয়েছে যে, একাধিক সার্ভিসের ক্ষেত্রে একটা সমাধান খুঁজে বের করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাকবেরি, স্কাইপ, গুগল ইত্যাদি।
এক্ষত্রে প্রথমেই ব্ল্যাকবেরি সার্ভিস এবং পরবর্তীতে অন্যান্য সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
জঙ্গিরা এ ধরনের সার্ভিসের মধ্য দিয়ে ২০০৮ সালের মুম্বাই হামলার মতো আবার বড় ধরনের কোনো হামলা চালাতে পারে বলে শঙ্কিত ভারত।
সেকারণেই ব্ল্যাকবেরির মালিক কানাডিয়ান কোম্পানি জাতীয় নিরাপত্তার বিষয়টি আমলে না নিলে এ সার্ভিস বন্ধ করে দেবে বলে হুমকি দিয়েছে ভারত। কয়েকটি দেশের মধ্যে সর্বশেষ ভারতই বৃহস্পতিবার ব্ল্যাকবেরি বন্ধের হুমকি দেয়।
যদিও ব্ল্যাকবেরি জানিয়েছে, কোনো বিষেশ দেশের সঙ্গেই তাদের কোনো বিশেষ চুক্তি নেই।
ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এসাসিয়েশন এর প্রেসিডেন্ট রাজেশ চার্য্য বলেছেন, সর্বশেষ নিরাপত্তা বৈঠকে বিভিন্ন সংস্থা ব্ল্যাকবেরি নিয়ে কথা বলেছে। তবে আলোচনায় জোরালোভাবে উঠে এসেছে স্কাইপ এবং গুগলের প্রসঙ্গও।
এ সার্ভিসগুলো বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বে ভারতে এ সার্ভিস ব্যবহারকারী বহু মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24