সান ডিয়াগো, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান যুদ্ধ সংক্রান্ত আরো গোপন মার্কিন সামরিক নথিপত্র ফাঁসের হুমকি দিয়েছে উইকিলিক্স ওয়েবসাইট। ওদিকে, এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে পেন্টাগন।
উইকিলিক্সের আরো নথি ফাঁস করাটা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছে মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগন।
উইকিলিক্স খুব শিগগিরি প্রায় ১৫ হাজার অপ্রকাশিত নথি প্রকাশ করার পরিকল্পনা করেছে এমন খবর পাওয়ার পর পেন্টাগনের প্রেস সেক্রেটারি জেয়ফ মোরেল আবারও উইকিলিক্সের কাছে দাবি জানান ইন্টারনেট থেকে ওইসব নথিপত্র মুছে দিয়ে ওগুলো সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার।
উল্লেখ্য, জুলাইয়ের শেষে উইকিলিক্স মার্কিন সামরিক বাহিনীর আফগান যুদ্ধ বিষয়ক প্রায় ৭৭,০০০ গোপন নথিপত্র ফাঁস করে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দেয়। মার্কিন প্রশাসন এর তীব্র সমালোচনা করে।
ফাঁস হওয়া নথিপত্রে আফগান যুদ্ধের ফলে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু সংক্রান্ত তথ্য ছাড়াও যুদ্ধের ব্যবস্থাপনা সম্পর্কে এবং বেসামরিক নাগরিকরা কিভাবে মারা গেছে সে সম্পর্কিত তথ্য আছে। যে সব আফগান অনেক ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক বাহিনীকে সহায়তা করেছে তাদের নামও রয়েছে ওইসব নথিতে।
উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জে বৃহস্পতিবার সুইডিশ টিভি চ্যানেল এসটিভি তে বলেছেন, ওই সমস্ত নথিপত্র প্রকাশ করাটা উইকিলিক্সের দায়িত্ব। এ সমস্ত তথ্য জানিয়ে লোকজনকে উপকৃত করা উইকিলিক্সের কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।
কিন্তু মোরেল বলেছেন, এ সমস্ত নথি প্রকাশের কারণে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররাসহ নীরিহ আফগানদের ক্ষতির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারটি জানার পরও উইকিলিক্স অতিরিক্ত কোনো নথি প্রকাশ করলে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেবে।
তিনি বলেন, নথিপ্রকাশের ঘটনায় ইতোমধ্যেই বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। ফলে নতুন করে আরো নথি প্রকাশ করলে উইকিলিক্স ভুল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24