ইসলামাবাদ, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় পাকিস্তানের সেনারা উদ্ধার তৎপরতায় মূল ভূমিকা পালন করলেও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের সরিয়ে নিয়ে উদ্ধারকাজে লাগানো হবে না।
পাকিস্তানের সামরিক কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
পাকিস্তানের সবচেয়ে বড় এ প্রাকৃতিক বিপর্যয় দুই সপ্তাহ আগে শুরু হয়েছে। এখন পর্যন্ত এর ফলে ১ হাজার ৬০০-এর বেশি লোক প্রাণ হারিয়েছে এবং ২০ লাখ লোক বাস্তুহারা হয়েছে। এছাড়া ১ কোটি ৪০ লাখ লোক বিপর্যস্ত হয়ে পড়েছে যা দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ।
উদ্ধার কাজে প্রায় ৬০ হাজার এবং ত্রাণ তৎপরতায় প্রায় ৫ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
ইন্দু নদীর দুই তীর প্লাবিত হয়ে পানিতে আটকে পড়া বহু দুর্গতকে সেনারা হেলিকপ্টার ও নৌকায় করে উদ্ধার করেছে।
সেনা প্রকৌশলীরা ভেঙে যাওয়া সেতু মেরামত ও ভেসে যাওয়া রাস্তা-ঘাট মেরামত করছে। অন্যান্য ইউনিটকে ত্রাণ তৎপরতায় নিযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে বিশেষ করে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাদের আশঙ্কা বন্যার্তদের সহায়তা করার জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তালেবান জঙ্গি দমনে নিয়োজিত ১ লাখ ৪০ হাজার সেনা হতে কিছু সরিয়ে নেওয়া হতে পারে।
পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেছেন, "ত্রাণ তৎপরতায় সেনা নিযুক্ত করা হলেও তা জঙ্গি বিরোধী অভিযানে কোন প্রভাব ফেলবে না।"
তিনি আরো বলেছেন, "যখন ত্রাণ তৎপরতায় সেনা মোতায়েন করা হয়েছে তখন এ ব্যাপারটি আমাদের মাথায় ছিল এবং আমি মনে করি না পশ্চিমাঞ্চলীয় সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের প্রয়োজন আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24