২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের তাজ হোটেল আবার চালু হচ্ছে রোববার

২০০৮ সালের জঙ্গি হামলার পর রোববার পুনরায় চালু হচ্ছে মুম্বাইয়ের তাজ মহল হোটেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

মুম্বাই, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-২০০৮ সালের জঙ্গি হামলার পর রোববার পুনরায় চালু হচ্ছে মুম্বাইয়ের তাজ মহল হোটেল। হোটেলটির চারদিকে বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে আবার নিজেদের সামর্থ্যরে সবটুকু ঢেলে দেওয়ার জন্য রোববারের অপেক্ষায় রয়েছে হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা। ২০০৮ সালে পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা ভারতের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনায় হামলা চালায়। সেগুলোর মধ্যে মুম্বাইয়ের তাজ হোটেলে চার বন্দুকধারী ঢুকে লোকজনদের জিম্মি করে। মুম্বাইয়ে ওই হামলায় একশ' ৬৬ জন মানুষ নিহত হয়েছিল। ঐ সন্ত্রাসী হামলায় হোটেলের বেশ কয়েকজন অতিথিও নিহত হয়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হোটেলটি। ১৯০৩ সালে তৈরি এ হোটেলটির মালিক রতন টাটা বলেন, আমরা এ হোটেলের প্রতি ইঞ্চি পুনঃনির্মাণ করেছি। তিনি বলেন, "একশ' বছরেরও বেশি সময় ধরে চলা এ হোটেলটি একই ধরনের আভিজাত্য নিয়ে আগামী রোববার আবার খুলছে।" আগামী রোববার ভারতের স্বাধীনতা দিবস। ঐতিহাসিক এ হোটেলটি ভারতের মহারাজা, রাজ্যপ্রধান, প্রধান নির্বাহী ও চলচ্চিত্র তারকাসহ সবধরনের অভিজাতদের আতিথেয়তা করে আসছে। তাজ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক রেমন্ড বিকসন বলেন, হোটেলের পুনর্গঠন ও পুনঃসজ্জার জন্য একশ' ৮০ কোটি রুপি ব্যয় হয়েছে। তাজ হোটেলের অল্প কয়েকশ' মিটার দূরের ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল এ বছরের প্রথমদিকে চালু হয়। ২০০৮ সালের মুম্বাই হামলায় ওবেরয় হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৭ ঘ.