২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর স্বীকারোক্তি প্রচার

ইরানে ব্যাভিচার এবং স্বামী হত্যায় জড়িত থাকার অভিযোগে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের সম্মুখীন নারী আশতিয়ানি স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করেছে তেহরান। রাষ্ট্রীয় টিভি বুধবার তার স্বীকারোক্তি প্রচার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

তেহরান, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-------- ইরানে ব্যাভিচার এবং স্বামী হত্যায় জড়িত থাকার অভিযোগে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের সম্মুখীন নারী আশতিয়ানি স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করেছে তেহরান। রাষ্ট্রীয় টিভি বুধবার তার স্বীকারোক্তি প্রচার করেছে। বুধবার রাতে প্রচারিত এক সাক্ষাৎকারে সাকিনা মোহাম্মদী আশতিয়ানি ২০০৫ সালে তার স্বামীকে হত্যার পরিকল্পনার স্বীকারোক্তি দিয়েছেন। তবে ব্যাভিচারের স্বীকারোক্তি দিতে তাকে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে আশতিয়ানি মামলাটি জনসমক্ষে প্রচার করার জন্য তার আইনজীবীর সমালোচনাও করেছেন। ৪৩ বছর বয়সী আশতিয়ানি বলেন, মামলার তথ্য প্রকাশের ফলে তার পরিবার এক লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আশতিয়ানির মামলাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হৈচৈ হওয়ায় ইরানের কর্মকর্তারা পাথর ছুড়ে তার মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত করে। তবে এখন তাকে ফাঁসি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মানবাধিকার সংস্থা, ' ইন্টারন্যাশন্যাল কমিটি এগেইনস্ট স্টোনিং' ঐ টিভি শো কে ' নোংরা প্রচারণা ' হিসেবে উল্লেখ করেছে। ২০০৬ সালের মে মাসে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের এক অপরাধ আদালত দুই পুরুষের সাথে অবৈধ সম্পর্ক এবং স্বামী হত্যার দায়ে আশতিয়ানিকে দোষী সাব্যস্ত করে এবং পাথর ছুড়ে তার মৃত্যুদণ্ডের রায় দেয়। এর আগে দুই জন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে দুই সন্তানের মা আশতিয়ানিকে ৯৯ টি দোররা মারা হয়। টিভি সাক্ষাৎকারে স্বামীকে হত্যার ঘটনা বর্ণনায় আশতিয়ানি তার স্বামীর জ্ঞাতি ভাইয়ের কথা উল্লেখ করেন। আশতিয়ানি বলেন, সে তার স্বামীকে খুন করার কথা বললে তিনি প্রথমত একে কৌতুক মনে করেছিলেন। পরে তিনি বুঝতে পারেন সে (জ্ঞাতি ভাই) পেশাদার খুনী। সে--ই বাড়িতে এসে তার স্বামীকে খুন করে বলে জানান আশতিয়ানি। ওদিকে, ইরানের ইস্ট আজারবাইজান প্রদেশের বিচারবিভাগের প্রধান টেলিভিশন শো'তে বলেন, আশতিয়ানি তার স্বামীকে একটি অ্যানেশথেটিক ইঞ্জেকশন দেওয়ার পর সে অচেতন হয়ে গেলে আসল খুনী তখন ইলেক্ট্রনিক ডিভাইস দিয়ে তাকে খুন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৩৯ ঘ.