২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকর্ষণীয় নারীদের বিড়ম্বনা!

আকর্ষণীয় চেহরার নারীরা 'পুরুষের' জন্য উপযোগী হিসেবে বিবেচিত চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

লস এঞ্জেলেস, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আকর্ষণীয় চেহরার নারীরা 'পুরুষের' জন্য উপযোগী হিসেবে বিবেচিত চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনভার বিজনেস স্কুলের এক গবেষণায় এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চেহারা গুরুত্বপূর্ণ নয় এমন চাকরির জন্য আবেদন করে আকর্ষণীয় অবয়বের নারীরা বৈষম্যের শিকার হয়। এসব চাকরির মধ্যে রয়েছে গবেষণা ও উন্নয়ন বিষয়ক ব্যবস্থাপক, অর্থ বিভাগের পরিচালক, যন্ত্র প্রকৌশলী ও নির্মাণ পর্যবেক্ষক। এছাড়াও রয়েছে নিরাপত্তা পরিচালক, যন্ত্রাংশ বিক্রেতা, কারারক্ষী ও ট্রাক চালকের চাকরি। এক বিবৃতিতে গবেষক স্টেফানি জনসন বলেন, "এসব পেশায় আকর্ষণীয় হওয়া নারীদের জন্য ক্ষতিকর মনে করা হয়।" তিনি আরো বলেন, আকর্ষণীয় চেহারার নারীদের অভ্যর্থনাকর্মী বা সেক্রেটারির মতো পেশায় নির্বাচনের প্রবণতা রয়েছে। স্টেফানি বলেন, "আর অন্যান্য পেশায় আকর্ষণীয় নারীদের প্রাধান্য দেওয়া হয়।" গবেষণায় আরো বলা হয়, আকর্ষণীয় চেহারার নারীরা নির্বাচিত কিছু পেশা থেকে বঞ্চিত হলেও আকর্ষণীয় চেহারার পুরুষরা এ ধরণের বৈষম্যের শিকার না হয়ে বরং সুবিধাই পেয়ে থাকে। গবেষণার জন্য চাকরিদাতাদের কাছে বেশ কিছু চাকরির তালিকা ও আবেদনকারীর (৫৫ জন নারী ও ৫৫ জন পুরুষ) ছবি দিয়ে তার মধ্য থেকে চাকরির জন্য উপযুক্তদের নির্বাচন করতে বলা হয়। জার্নাল অব সোস্যাল সাইকোলজিতে এ গবেষণা প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০৯ঘ.