ঝউকু, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তরপশ্চিমাঞ্চলের ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭০২ এ দাঁড়িয়েছে। এক জরুরি ত্রাণ কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
চীনের জরুরি ত্রাণ কর্মকর্তা তিয়ান বাওঝোং সাংবাদিকদের বলেন, উত্তরপশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশের ঝউকুতে ভূমিধসে কমপক্ষে ৭০২ জন নিহত হয়েছে এবং আরো ১ হাজার ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে।
সোমবার কর্মকর্তারা জানান, ভূমিধসে ৩৩৭ জন নিহত হয়েছে।
রোববার সংঘটিত এ ভূমিধসে সৃষ্ট আস্থায়ী হ্রদের পাড় ভেঙ্গে নতুন কোনো বিপর্যয় যাতে না ঘটে সেজন্য মঙ্গলবার হ্রদের পানি সরানোর চেষ্টা করছেন প্রকৌশলীরা।
মাটি ও বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়া স্বজনদের খোঁজে ধ্বংসস্তুপের চারপাশে এখনও ভিড় করে আছে মানুষ।
ভূমিধসের সময় বাড়িতে না থাকায় বেঁচে যাওয়া ৪২ বছর বয়সী ইন লিনফেং বলেন, "আমার ভাতিজি এখানে চাপা পড়ে আছে। সে খুব ভাল মেয়ে, মাধ্যমিকের ছাত্রী।"
সোমবারও মাটির নিচ থেকে জীবিত একজনকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা জানান, মাটির নিচে এখনো কেউ কেউ জীবিত আছে বলে মনে হওয়ায় মঙ্গলবার সকালে তারা ব্যাপক খোঁড়াখুঁড়ি শুরু করেছে।
ওদিকে, মৌসুমী ঝড় দিয়ানমু চীনের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসছে। এর ফলে গাংসুতে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এতে হ্রদের পানি উপচে কিংবা পাড় ভেঙ্গে নতুন কোনো বিপর্যয় যাতে না ঘটে তার জন্য পানি সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯২২ ঘ.
bdnews24