২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের উদ্যোগকে অবজ্ঞা করেছে মিয়ানমার: বান কি মুন

মিয়ানমারে চলতিবছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের নেওয়া উদ্যোগকে অবজ্ঞা করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন সংস্থাটির মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

জাতিসংঘ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে চলতিবছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের নেওয়া উদ্যোগকে অবজ্ঞা করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন সংস্থাটির মহাসচিব বান কি মুন। দেশটির সামরিক জান্তা সরকারের ব্যাপারে হতাশা প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে বান কি মুন জানান, "মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে আমার বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার এবং আমি নিজেও সব ধরনের সহযোগিতার উদ্যোগ অব্যাহত রেখেছি।" জাতিসংঘ মহাসচিব বলেন, "হতাশার বিষয় হলো, এখনো পর্যন্ত মিয়ানমার এসব উদ্যোগের বিষয়ে নীরব। সংকটময় এই মুহূর্তে সহযোগিতার ঘাটতি মিয়ানমারের জন্য সুযোগ হারানো ছাড়া কিছুই নয়।" গত সপ্তাহে ইউনিয়ন ডেমোক্রেসি পার্টির (ইউডিপি) চেয়ারম্যান পোয়ো মিন থেইন দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন এ বছরে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ঘোর সন্দেহের মুখে পদত্যাগ করেন। তিনি জানান, নির্বাচনী আইনটি এতো কঠোর এবং এমনভাবে তৈরি করা হয়েছে যেন সামরিক জান্তা সমর্থিত দল নির্বাচনে জয়ী হয়। গত দু'দশকের মধ্যে দেশটিতে বহুদলীয় নির্বাচন হয়নি। এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা না করেই দেশটির সরকার জানাচ্ছে এ চলতি বছরই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে অন্তরীণ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সূ চী'র সদ্য বিলুপ্ত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি (এনএলডি) মার্চ মাসে জানায়, 'পক্ষপাতদুষ্ট ও বেআইনি' নির্বাচনী আইন এবং অনেক নেতাকর্মী কারাগারে আটক থাকার কারণে তারা নির্বাচন বয়কট করবে। এর আগে ১৯৯০ সালে নির্বাচনে সূ চী'র নেতৃত্ত্বে এনএলডি বড় ব্যবধানে জয়ী হলেও জান্তা সরকার ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫৪ঘ.