ঝউকু, চীন, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে সৃষ্ট হ্রদের পাড় ভেঙ্গে নতুন কোনো বিপর্যয় যেন না হয় সেজন্য মঙ্গলবার হ্রদের পানি সরানোর চেষ্টা করছে প্রকৌশলীরা।
রোববার গাংসু প্রদেশের ঝউকুর একটি পার্বত্য অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ৩৩৭ জন নিহত হয়েছে। এতে নিখোঁজ হয়েছে ১ হাজার ১৪৮ জন।
মাটি ও বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়া স্বজনদের খোঁজে ধ্বংসস্তুপের চারপাশে এখনও ভিড় করে আছে মানুষ।
ভূমিধসের সময় বাড়িতে না থাকায় বেঁচে যাওয়া ৪২ বছর বয়সী ইন লিনফেং বলেন, "আমার ভাজিতি এখানে চাপা পড়ে আছে। সে খুব ভাল মেয়ে, উচ্চ বিদ্যালয়ে পড়তো।"
সোমবারও মাটির নিচ থেকে জীবিত একজনকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা জানান, মাটির নিচে এখনো কেউ কেউ জীবিত আছে বলে মনে হওয়ায় মঙ্গলবার সকালে তারা ব্যাপক খোঁড়াখুঁড়ি শুরু করেছে।
ওদিকে মৌসুমী ঝড় দিয়ানমু চীনের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসছে। এর ফলে গাংসুতে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এতে হ্রদের পানি উপচে কিংবা পাড় ভেঙ্গে নতুন কোনো বিপর্যয় যেন না হয় এ জন্য পানি সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৮ঘ.
bdnews24