বৈরুত, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের ঘটনায় পশ্চিমাদের কাছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ জানানোর পর সশস্ত্রবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার করেছে লেবানন।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় আদাইশে গ্রামে শনিবার প্রেসিডেন্ট মিশেল সুলায়মান বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে লেবাননের সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করা হবে। এ লক্ষ্যে তিন থেকে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য মন্ত্রিসভায় আলোচনা করা হবে।"
গত মঙ্গলবার ইসরায়েল ও লেবানন সীমান্তে দু'দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময়ে ৫ জন নিহত হয়।
সীমান্ত সংঘর্ষে তিনজন লেবাননের সেনা, একজন সাংবাদিক ও একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তাজনিত উদ্বিগ্নতা নিয়ে তিনি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন।
এ সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা রাষ্ট্র দুটির সঙ্গে তার আলোচনা প্রসঙ্গে এহুদ বারাক বলেন, "লেবাননের সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র ও প্রযুক্তিতে সজ্জিত করাটা ভুল ছিলো বলে আমরা মনে করছি।"
"কারণ, সেগুলো দিয়ে হিজবুল্লাহকে ধ্বংস করা হবে বলে আমরা মনে করেছিলাম। কিন্তু আমাদের চোখের সামনে বিপদজনক ঘটনা ঘটছে এবং লেবাননের সেনারা সে অস্ত্রগুলো সরাসরি আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে।"
প্যারিস বা ওয়াশিংটন তার এ অভিযোগের পক্ষে অবস্থান ব্যক্ত করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "না, না সেরকম কিছু জানায়নি।"
লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের এ অবস্থানের কারণে সশস্ত্রবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার করেছে লেবানন।
লেবাননের হিজবুল্লাহ গেরিলারা এ সংঘর্ষে জড়িত নয়। তবে হিজবুল্লাহ'র নেতা সৈয়দ হাসান নাসারাল্লাহ বলেছেন, ইসরায়েলি সেনারা লেবাননের সেনাদের ওপর আবার আক্রমণ চালালে তার শক্তিশালী শিয়া গেরিলাবাহিনী সে হামলার জবাব দেবে।
২০০৬ সালে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে যুদ্ধের পর দু'দেশের সীমান্তে এটাই সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ। সংঘর্ষ আপাতত বন্ধ থাকলেও যে কোনো মুহূর্তে তা আবারো শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২১৫৫ ঘ.
bdnews24