হিরোশিমা, জাপান, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের হিরোশিমা দিবসে শুক্রবার প্রথমবারের মতো প্রতিনিধি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন রুস ছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় আণবিক বোমা 'লিটল বয়' ফেলেছিল যুক্তরাষ্ট্র। সেই বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারিয়েছিল প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। বিধ্বস্ত হয়েছিল সম্পূর্ণ শহর।
শহরটিতে বাস করতো সাড়ে ৩ লাখ মানুষ। সেই বোমা তেজস্ক্রিয়তা এতটা ভয়াবহ ছিল যে বহু বছর পরও সেখানে কোনো উদ্ভিদ জন্মেনি। বোমার শিকার জাপানিদের সন্তান হয়েছে বিকলাঙ্গ।
হিরোশিমায় আণবিক বোমা ফেলার ঠিক তিনদির পর ৯ আগস্ট জাপানের নাগাসাকিতেও একই কায়দায় বোমা ফেলে যুক্তরাষ্ট্র। তার ছয়দিন পর আত্মসমর্পণ করে জাপান।
এরপর থেকেই প্রতি বছর পালিত হয়ে আসছে হিরোশিমা দিবস। এবারের দিবসটি ৬৫ তম হিরোশিমা দিবস।
১৯৪৫ সালের ৬ আগস্টে ঠিক যে সময়টিতে বোমা হামলা হয়েছিল ছিল শুক্রবার ঠিক সে সময়টিতে (সকাল সোয়া আটটা) শান্তির ঘণ্টাধ্বনি বাজানো হয়। পালন করা হয় ১ মিনিট নীরবতা।
যুক্তরাষ্ট্রসহ পারমাণবিক শক্তিধর কোনো দেশের প্রতিনিধি এতদিন এ দিবসে উপস্থিত হয়নি।
কিন্তু এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিলেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টারই প্রতিফলন ঘটেছে।
এক বিবৃতিতে জন রুস বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদেরকে পরমাণূ অস্ত্রমুক্ত বিশ্বকে বাস্তবে রূপ দিতে অবশ্যই একযোগে কাজ করে যেতে হবে।"
ওদিকে, বান কি মুন বলেন, "আমরা দেখছি শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন। আমাদের অবশ্যই এ মুহূর্তটিকে ধরে রাখতে হবে।"
হিরোশিমা ও বোমা হামলার শিকার অপর শহর নাগাসাকি সফরের জন্য বান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।
হিরোশিমার পিস মেমোরিয়াল মিউজিয়ামের সাবেক প্রধান ও বোমা হামলার শিকার আকিহিরো তাকাহাশি (৭৯) গত দু'বছর ধরে হিরোশিমাতে সফরের জন্য ওবামাকে আহ্বান জানিয়ে আসছেন।
অনুষ্ঠানের প্রাক্কালে জাতিসংঘ মহাসচিব পরমাণু অস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে নতুন উদ্যোগের প্রতি আহ্বান জানান।
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেন, জাপান পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ায় নেতৃত্ব দিতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এফএফ/সিআর/১২৪৮ঘ.
bdnews24