২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ আবারও ব্যর্থ

নেপালে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটছে না। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ ভেস্তে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 05:52 AM

Updated : 25 Aug 2022, 05:31 PM

কাঠমান্ডু, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটছে না। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সোমবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ ভেস্তে গেছে। নেপালের পার্লামেন্ট প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ চতুর্থবারের মতো নির্ধারণ করেছে ৫ আগস্ট। জুনে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর দেশটিতে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। তারপর থেকে ৬০১ সদস্য বিশিষ্ট নেপালের পার্লামেন্ট প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দুই দফা উদ্যোগ নিলে তা ব্যর্থ হয়। সোমবার পার্লামেন্ট সদস্যদের নেওয়া তৃতীয় দফা উদ্যোগও সফল হয়নি। প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড এবং মধ্যপন্থী নেপালি কংগ্রেস দলের নেতা রাম চন্দ্র পদেল উভয়েই প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জনে ব্যর্থ হন। ২০০৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগের মধ্যদিয়ে আট মাসের শাসন ক্ষমতা থেকে সরে দাঁড়ায় মাওবাদীরা। এরপর থেকে সরকারে ফেরার জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০০৬ সালে নেপালের ক্ষমতাসীন দলগুলোর সঙ্গে শান্তিচুক্তির মাধ্যমে দীর্ঘ ১০ বছরের সশস্ত্র সংগ্রামের ইতি ঘটায় মাওবাদীরা। ২০০৮ সালে দেশটি ২৩৯ বছরের পুরনো রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আসে। আর তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সংবিধান প্রণয়নে দুই বছর মেয়াদী গণপরিষদ নির্বাচন করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন সংবিধান তৈরিতে ব্যর্থ হয় গণপরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১১১০ঘ.