ইসলামাবাদ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে না পারায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকার।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে বুধবার থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বন্যা পরিস্থিতি সামাল দিতে গিয়ে সরকারের বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা এবং দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
বন্যা কবলিত সোয়াত উপত্যকার স্কুলশিক্ষক মিরাজউদ্দিন খান বলেন, "আমরা সবকিছু হারিয়েছি। আমরা কেবল প্রাণে বেঁচে গেছি। কেউ আমাদের কাছে আসেনি। আমরা ভিক্ষুকে পরিণত হয়েছি। এক টুকরো রুটির জন্য মানুষের কাছে হাত পাতছি। সবাই আমাদেরকে এতিম আর অসহায় প্রাণীর মতোই মনে করছে।"
পানিতে আটকা পড়া হাজার হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে ত্রাণকর্মীরা। কিন্তু
রাস্তাঘাট ও সেতু ভেঙে যাওয়ায় সেখানে ত্রাণকর্মীদের পৌঁছা কঠিন হয়ে পড়ছে।
বন্যা কবলিত উত্তরপশ্চিমাঞ্চলে এ সপ্তাহে আরো প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তরের উর্ধ্বতন মানবিক ত্রাণ সহায়তা কর্মকর্তা নিকি বেন্নেট বলেন, "পানিতে আটকা পড়া মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর সঠিক চিত্র পাওয়াই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখনো সেখানে বন্যার পানি রয়েছে। বিস্তৃত অঞ্চল পানিতে ডুবে রয়েছে।"
তিনি আরো বলেন, "এখন পানি সরে যেতে থাকলেও রাস্তাঘাট ও সেতু উপড়ে যাওয়া এলাকাগুলোতে হেলিকপ্টার ছাড়া যাওয়া যাচ্ছে না।"
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ২৯ হাজার পাঁচশ'র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চীনের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্য মহাসড়ক বেশ কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় পাকিস্তানের সামগ্রিক অর্থনীতিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বৃষ্টির কারণে পাঞ্জাবের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, পানিতে আটকা পড়াদের দুর্ভোগ কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদেরকে তাঁবু ও স্বাস্থ্যসরঞ্জাম সরবরাহ করা ছাড়াও উদ্ধারকাজের জন্য পাঠানো হয়েছে হেলিকপ্টার ও নৌকা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংকট মোকাবেলায় পর্যাপ্ত উপকরণের অভাব রয়েছে পাকিস্তান সরকারের ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ ১৯২৭ ঘ.
bdnews24