শ্রীনগর, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতশাসিত কাশ্মীরে রোববার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। নিহতদের মধ্যে এক কিশোরীও রয়েছে।
অন্যদিকে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা পাম্পোর এলাকায় একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়। সেখানে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণে আরও কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩৫ জন।
কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের দিন শনিবারও পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী প্রাণ হারায়।
এ নিয়ে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে ৬ সপ্তাহের চলমান বিক্ষোভে অন্ততপক্ষে ৩২ জন নিহত হল।
আলাদা রাষ্ট্র বা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার দাবিতে কাশ্মীরে এ বিক্ষোভ চলছে।
এদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা কাশ্মীরিদের এ আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বললেও ভারত এ আন্দোলন-সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানভিত্তিক জঙ্গি দল লস্কর- ই-তৈয়বাকে দায়ী করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৮ঘ.
bdnews24