ইসলামাবাদ, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। পানিবন্দি আরো লাখ লাখ লোককে ত্রাণ সহায়তা দেওয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
টানা কয়েকদিনের মৌসুমী বৃষ্টিতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে এ বন্যা দেখা দিয়েছে। গৃহহীন হয়েছে অগণিত মানুষ।
তিনদিনের ভারি বৃষ্টিপাতে বিভিন্ন অঞ্চলে নদী উপচে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। খায়বার-পাখতুনখা প্রদেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওই অঞ্চলের ঘরবাড়ি, সেতু, রাস্তা-ঘাট, স্কুল ও রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, "বন্যায় এ পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।"
সেনা মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বলেন, ব্যাপক এলাকাজুড়ে ধ্বংসের মাত্রা এত বেশি যে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হওয়া এবং আরো মানুষ মারা গিয়ে থাকাটা অসম্ভব কিছু নয়।
৩০ হাজারেরও বেশি পাকিস্তানি সেনা এ পর্যন্ত কিছু কিছু অঞ্চল থেকে আটকা পড়া ১৯ হাজার লোককে উদ্ধার করতে পেরেছে। আরো বহু মানুষ এখনো আটকা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বন্যার তোড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাওশেরা, চরসাদা শহর এবং পশ্চিমাঞ্চলীয় উপত্যকা সোয়াত। এসব এলাকার সলেন নদী তীরবর্তী বাড়ি-ঘর ও হোটেলগুলো ভেসে গেছে।
স্থানীয় অধিবাসী ইমরান খান বলেছেন, "নাওশেরার অর্ধেক এখন পানির নিচে।"
তিনি আরো বলেন, "সামরিক হাসপাতালসহ ক্যান্টনমেন্ট এলাকার অনেক ভবনও অর্ধেক ডুবে গেছে।"
এক সেনা বিবৃতিতে জানানো হয়, বিমানে করে দুর্গত এলাকায় প্রায় ৫০ টন খাদ্য পাঠানো হয়েছে।
প্রাদেশিক তথ্যমন্ত্রী হোসেন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "প্রদেশগুলোতে এখনই সহায়তা পাঠাতে হবে।"
ওদিকে, আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলেও হঠাৎ বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬৫ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় হাজারখানেক পরিবার। আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান আব্দুল মতিন শনিবার একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/এএইচ/এলকিউ/২১৩৮ঘ.
bdnews24