লন্ডন, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাউকে অতিশয় স্থূলকায় না বলে মোটা বললে সে ওজন কমাতে আগ্রহী হবে। ব্রিটিশ জনস্বাস্থ্য মন্ত্রী একথা বলেছেন।
চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা 'মোটা' শব্দটি ব্যবহার করতে চান না। কিন্তু 'মোটা' বললেই বরং লোকজন নিজদায়িত্বে ওজন কমিয়ে জীবনধারায় পরিবর্তন আনতে উৎসাহিত হবে। বলেছেন, সাবেক নার্স ও জনস্বাস্থ্য মন্ত্রী অ্যানি মিলটন।
মিলটন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "নিজেকে আয়নায় দেখে স্থূলকায় ভাবলে যতটা চিন্তিত হবো, তার চেয়ে নিজেকে মোটা ভাবলে আরো বেশি চিন্তিত হবো।"
ইউরোপের যেসব দেশে স্থূলতার হার বেশি যুক্তরাজ্য তাদের অন্যতম। গত দশ বছর ধরে এ হার ক্রমাগত বেড়েই চলেছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ২০০৮ সালে প্রাপ্ত বয়স্কদের প্রায় এক-চতুর্থাংশ এবং শিশুদের শতকরা ১৪ ভাগ স্থূল বলে চিহ্নিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24