লন্ডন, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ব্রিটেনের পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এমআইসিক্স সদর দপ্তরে পার্সেল বোমা পাঠানোর ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছে।
বোমা পাঠানোর ঘটনায় জড়িত থাকার বিষয়ে রোববার আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গোয়েন্দা সদরদপ্তরে পাওয়া যায় একটি বোমা। আর অন্য বোমাটি ধরা পড়েছে ডাক বাছাই বিভাগে।
স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র বলেন, "বোমা পাঠানোর ঘটনার তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।"
তবে তদন্তের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেন।
তিনি জানান, বুধবার ও বৃহস্পতিবার পার্সেল দুটি পাওয়া যায়। তার পরের দিন নর্থ ওয়েলস থেকে দুই ব্যক্তিকে আটক করে লন্ডনে নিয়ে আসা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট।
টেমস নদীর তীরে অবস্থিত দূর্গের মতো করে নির্মিত এমআইসিক্স গোয়েন্দা সংস্থার সদর দপ্তরটি আনুষ্ঠানিকভাবে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস হিসেবে পরিচিত।
এর আগে ২০০০ সালে আইরিশ রিপাবলিকানরা এ ভবনটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৩২৪ ঘ.
bdnews24