২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন সফর বাতিল করলো আইএসআই প্রধান

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ সুজা পাশা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যের প্রতিবাদে ব্রিটেন সফর বাতিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

ইসলামাবাদ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ সুজা পাশা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যের প্রতিবাদে ব্রিটেন সফর বাতিল করেছেন। আইএসআই'র এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছে। গত সপ্তাহে ভারত সফরকালে সন্ত্রাসের মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানের সমালোচনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন। ক্যামেরন গত বুধবার পাকিস্তানের সমালোচনা করে বলেন, জঙ্গি ঘাঁটি হওয়া ও বিশ্বব্যাপী সন্ত্রাসী রপ্তানি করা ইসলামাবাদের উচিত নয়। আইএসআই'র এক মুখপাত্র শনিবার বলেন, আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠেয় সন্ত্রাস মোকাবেলা বিষয়ক বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ সুজা পাশাসহ পাকিস্তানের উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আগামী সপ্তাহে ব্রিটেন সফর করবেন বলে সরকারের এক মুখপাত্র জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ক্যামেরনের বক্তব্যে তার দেশ এ সপ্তাহে 'মর্মাহত'। পাকিস্তান যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ট মিত্র। পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টাকে সফল করতে পাকিস্তানের সহায়তা অত্যন্ত জরুরি। গত সপ্তাহে উইকিলিক্স ওয়েবসাইট আফগান যুদ্ধ সম্পর্কিত মার্কিন সামরিক বাহিনীর কয়েক হাজার গোপন নথি প্রকাশ করে। সেসব নথিতে দেখা যায়, জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোটি কোটি ডলার অর্থ সহায়তা নিলেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সক্রিয়ভাবে আফগানিস্তানের তালেবানদের সহায়তা করছে। এ তথ্য ফাঁস হওয়ার কয়েকদিনের মাথায় ডেভিড ক্যমেরন পাকিস্তানের এ সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১৫১ ঘ.