পেশোয়ার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় আটশ'র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রাদেশিক রাজধানী পেশোয়ারের তথ্যমন্ত্রী ইফতেখার হোসেন শনিবার একথা জানিয়েছেন।
টানা কয়েকদিনের মৌসুমী বৃষ্টিতে এ বন্যার সৃষ্টি হয়েছে।
বন্যায় গৃহহারা হয়েছে হাজার হাজার মানুষ। কর্তৃপক্ষ আটকেপড়া গ্রামবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
তিনদিনের ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে নদী উপচে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। খায়বার-পাখতুনখা প্রদেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওই অঞ্চলের ঘরবাড়ি, সেতু, রাস্তা-ঘাট, স্কুল ও রেললাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হোসেন সাংবাদিকদের বলেন, "ওই অঞ্চলের সব জেলা হতে প্রাপ্ত তথ্যানুযায়ী বন্যায় বুধবার থেকে এ পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।"
তিনি আরো বলেন, "মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা এ প্রদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছি।"
বন্যার তোড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাওশেরা ও চরসাদা শহর এবং পশ্চিমাঞ্চলীয় উপত্যকা সোয়াত। এসব এলাকার সলেন নদী তীরবর্তী বাড়ি-ঘর ও হোটেলগুলো ভেসে গেছে।
স্থানীয় অধিবাসী ইমরান খান বলেছেন, "নাওশেরার অর্ধেক এখন পানির নিচে।"
তিনি আরো বলেন, "সামরিক হাসপাতালসহ ক্যান্টনমেন্ট এলাকার অনেক ভবনও অর্ধেক ডুবে গেছে। উদ্ধার তৎপরতায় নিয়োজিত সামরিক বাহিনীর কয়েকটি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে।"
এক সেনা বিবৃতিতে জানানো হয়, বিমানে করে দুর্গত এলাকায় প্রায় ৫০ টন খাদ্য পাঠানো হয়েছে।
প্রাদেশিক তথ্যমন্ত্রী হোসেন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "প্রদেশগুলোতে এখনই সহায়তা পাঠাতে হবে।"
ওদিকে, আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলেও হঠাৎ বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬৫ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় হাজারখানেক পরিবার। আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান আব্দুল মতিন শনিবার একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/এএইচ/২০১৯ ঘ.
bdnews24