শ্রীনগর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শুক্রবার পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত হয়েছেন। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
কাশ্মিরে ভারতীয় শাসন অবসানের দাবিতে শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করলে পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে।
এ নিয়ে এই অঞ্চলটিতে গত ছয় সপ্তাহে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ১৯ জন নিহত হলেন।
দুই বছরের মধ্যে মুসলিম অধ্যুষিত কাশ্মিরের জনগণ স্বাধীনতার জন্য সবচেয়ে বড় বিক্ষোভ চালাচ্ছে।
বিক্ষোভ ঠেকাতে কাশ্মিরের কিছু অঞ্চলে নিয়মিত বিরতিতে কারফিউ জারি করছে কর্তৃপক্ষ।
ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে আসছে। দুটি রাষ্ট্রই কাশ্মিরের দুই অংশে নিজেদের শাসন জারি রেখেছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শফি জানিয়েছেন, শ্রীনগর থেকে ৪৮ কিলোমিটার (৩০ মাইল) উত্তরাঞ্চলীয় শহর সপোরে "উত্তেজিত জনতা পুলিশের দিকে পাথর ছোঁড়া শুরু করলে পুলিশ গুলি চালায়। এতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫১৩ঘ.
bdnews24