বৈরুত, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ শুক্রবার লেবাননে একসঙ্গে এক নজিরবিহীন সফরে গেছেন। লেবাননে ২০০৫ সালে হারিরি হত্যাকাণ্ডের পর সিরিয়ার প্রেসিডেন্টের প্রথম সফর এটি।
ওদিকে, সৌদি বাদশাহ আবদুল্লাহ সর্বশেষ লেবানন সফর করেন ২০০২ সালে। ফলে দীর্ঘ সময় পর এটি তারও প্রথম লেবানন সফর।
রফিক আল-হারিরি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘ ট্রাইব্যুনালে হিজবুল্লাহ সদস্যদের অভিযুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে সংকট এড়ানোর নাটকীয় চেষ্টা চলবে দু'নেতার এ সফরে।
দামেস্ক থেকে সৌদি বিমানে করে আবদুল্লাহ ও আসাদ লেবাননের বৈরুত বিমানবন্দর পৌঁছালে প্রেসিডেন্ট মিশেল সুলায়মান এবং প্রধানমন্ত্রী সাদ হারিরি তাদের স্বাগত জানান।
এরপর সিরিয়া ও সৌদি আরবের পতাকা শোভিত পথ ধরে দু'নেতাকে আলোচনার জন্য নিয়ে যাওয়া হয় বাবদা প্রেসিডেন্ট প্রাসাদে।
সৌদি ও সিরীয় নেতার এ সফরের আগে বৃহস্পতিবার আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে আবদুল্লাহ, আসাদ এবং সুলায়মানের তৃপক্ষীয় বৈঠক লেবাননে স্থিতিশীলতা ফেরাবে বলে আশা প্রকাশ করেন সাদ হারিরি।
উল্লেখ্য, ৫ বছর আগে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরি হত্যার ঘটনার পর সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ আর লেবানন সফর করেননি। হত্যাকান্ডের জেরে দু দেশের সম্পর্কের অবনতি হয়।
লেবাননে অনেকেই সিরিয়াকে হারিরি হত্যার জন্য দায়ী করে। তবে সিরিয়া শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
স
bdnews24