মিঙ্গোরা জুলাই, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল এবং বেলুচিস্তান প্রদেশে আকস্মিক বন্যা ও ঝড়ে অন্তত ১৫০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
খায়বার-পাখতুনখা প্রদেশে ঝড় ও আকস্মিক বন্যায় প্রায় ৮০ জন নিহত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ মানুষ।
বেলুচিস্তান প্রদেশে গত সপ্তাহে প্রাণহানি হয়েছে প্রায় ৭০ জনের। গৃহহীন হয়েছে ১ লাখ লোক। অবিরাম বৃষ্টির কারণে নদীর পানি উপচে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে খায়বার-পাখতুনখা প্রদেশের সোয়াত উপত্যাকায়।
বন্যা নিয়ন্ত্রণ কর্মকর্তা নাঈম আখতার রয়টার্সকে বলেন, গত ২৪ ঘন্টায় সোয়াতে বন্যায় ২৮ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মারা গেছে ২১ জন। সাংলা শহরে বৃহস্পতিবার ঘরবাড়ি ভেঙে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24