২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তে অনড় আহমাদিনেজাদ

শুধু কয়েকটি শর্ত পূরণ হলেই পরমাণু আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 05:06 PM

তেহরান জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুধু কয়েকটি শর্ত পূরণ হলেই পরমাণু আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইউরোপীয় ইউনিয়ন নতুন করে কঠোর অবরোধ আরোপ করার পর এক টেলিভিশিন সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এ কথা বলেন। ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যত নিয়ে আলোচনা করার লক্ষ্যে বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে জুন থেকেই আহমাদিনেজাদ বারবার শর্ত আরোপের কথা বলে আসছেন। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু পশ্চিমাদের আশঙ্কা ইরান এই কর্মসুচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত ইংরেজি ভাষাভিত্তিক সংবাদ চ্যানেলে তিনি বলেন, "আরো কিছু দেশকে আলোচনায় যুক্ত হতে হবে, তারা ইরানের সঙ্গে বন্ধুত্ব না শত্র"তা চায় এ বিষয়টি পরিস্কার করতে হবে এবং ইসরায়েলের পরমাণু অস্ত্রের মজুদ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে হবে। আর তা হলেই কেবল আলোচনা শুরু হতে পারে।" আন্তর্জাতিক অবরোধ জোরদার করার লক্ষ্যে ইরানের সঙ্গে জাতিসংঘের ৫ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং জার্মানির আলোচনা গত অক্টোবরে বন্ধ হয়ে যায়। ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধানকে সোমবার এক চিঠির মাধ্যমে জানিয়েছে, তারা নিঃশর্তভাবে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে রাজি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩০৬ঘ.