ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগান যুদ্ধ সম্পর্কিত ৯১ হাজার গোপন নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ এবং পাকিস্তানকে নিয়ে নতুন করে সন্দেহ সৃষ্টি হচ্ছে।
নথি ফাঁসের ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে হোয়াইট হাউস। পেন্টাগন ইতোমধ্যেই তথ্য ফাঁসকারীর সন্ধান শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটাই সবচেয়ে বড় নথিপত্র ফাঁসের ঘটনা।
২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন মিলিটারি ইউনিট যুদ্ধক্ষেত্র এবং গোয়েন্দা প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করে নথিগুলো তৈরি করেছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা গত ডিসেম্বরে আফগানিস্তানে সেনা বাড়ানোর নির্দেশ দেওয়ার আগেই এ দলিল তৈরি করা হয়।
উইকিলিক্স ওয়েবসাইটে প্রকাশিত এ নথিপত্রে অভিযোগ করা হয়েছে যে, আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা কমিয়ে বলত মার্কিন বাহিনী।
তাছাড়া পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ সাহায্য নেওয়ার পরেও গোপনে তালেবান জঙ্গিদের সহযোগিতা করছে তলে তলে এমন উদ্বেগও ছিল মার্কিন বাহিনীর। ফলে আফগানিস্তানে অস্থিতিশীলতার জন্য তালেবানদের প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সহযোগিতাকে দায়ী করা হয়েছে নথিতে।
আফগানিস্তানে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে তা এসব নথিপত্রই প্রমাণ করছে বলে মন্তব্য করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জে। তবে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি জে ক্রাউলি একথা নাকচ করে বলেছেন, যুদ্ধপরাধের অভিযোগ করার মতো কোনো কিছু নথিতে নেই।
উইকিলিক্স ওয়েবসাইট এ নথি প্রকাশের পর দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, জার্মান ম্যাগাজিন ডেয়ার স্পিগেলেও তা প্রকাশ করে।
বড় ধরনের এ গোপনীয়তা ফাঁসের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে আফগানিস্তানে অবস্থানরত সেনাদের জীবন আরো সংকটের মুখে পড়বে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র নথিপত্রে প্রকাশিত অভিযোগ মূল্যায়ন করে দেখবে বলে জানিয়েছে। একাজে কয়েকদিন সময় লাগবে বলে জানায় পেণ্টাগন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল বলেন, "তথ্য ফাঁসকারীকে খুঁজে বের করতে যা করা প্রয়োজন তার সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।"
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আফগান যুদ্ধ বিষয়ক মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৯১ হাজার নথি ফাঁসে জড়িত ব্যক্তির ওই সব স্পর্শকাতর নথি পাওয়ার গোপন কোনো পথ আছে বলে তারা মনে করছেন।
আরো তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলেও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, "তথ্য ফাঁসকারীকে খুঁজে বের না করা পর্যন্ত আরো তথ্য ফাঁসের আশঙ্কাকে আমরা বাতিল করে দিচ্ছি না। আর এটি অবশ্যই একটি উদ্বেগের বিষয়।"
পেন্টাগন আরো জানিয়েছে, উইকিলিক্স প্রকাশিত আফগান যুদ্ধ বিষয়ক তথ্য পর্যালোচনা করতে কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন লাগবে এবং ফাঁস হাওয়া তথ্য জাতীয় নিরাপত্তায় কোনো ক্ষতি করবে কিনা তাও পর্যালোচনা করে দেখা হবে।
তবে ওবামার পরিকল্পনা অনুযায়ী, ২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার জন্য যুক্তরাষ্ট্র এ যুদ্ধকে সফল করতে জনগণের যে সমর্থন পাওয়ার চেষ্টা করছে তা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আমেরিকান ইন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্লেটকা ড্যানিয়েল বলেন, "সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত আলাপ-আলোচনা ও সরকারি গোপন নথি ফাঁস হলে কোনো গণতান্ত্রিক সরকার সফলভাবে কাজ করতে পারে না।"
ফাঁস হওয়া নথিতে যাচাই-বাছাইয়ের মুখে পড়া পাকিস্তান বলছে, যুদ্ধক্ষেত্রের গোপন দলিল ফাঁস হওয়ার ঘটনা দায়িত্বঞ্জানহীনতার পরিচায়ক।
তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র বলেছেন, ফাঁস হওয়া নথিতে আফগানিস্তানে পাকিস্তানের জড়িত থাকার ও বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বাড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
নথিতে বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তারা আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তালেবান জঙ্গিদের নেটওয়ার্কিং সংগঠিত করার আলোচনায় প্রত্যক্ষভাবে উপস্থিত থাকে।
তালেবান জঙ্গিদের সঙ্গে আইএসআইয়ের জড়িত থাকার বিষয়ে রিপাবলিকান পার্টির সিনেট সদস্য জেফ সেসনস সাংবাদিকদের বলেন, "মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধে তালেবানদের কৌশল নির্ধরাণে তারা জড়িত থাকলে তা খুবই ঝামেলার হবে। এটা গ্রহণযোগ্য নয়।"
ওদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উইকিলিক্সের ফাঁস করা এ তথ্যকে 'কল্পনা প্রসূত ও উদ্দেশ্য প্রণোদিত' বলে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮১২ ঙ.
bdnews24