২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে হালাল প্রসাধন সামগ্রীর যাত্রা শুরু

ব্রিটেনে অ্যালকোহল ও প্রাণীজ উপাদানমুক্ত প্রসাধন সামগ্রী বাজারে এনেছেন এক মুসলিম নারী ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

লন্ডন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে অ্যালকোহল ও প্রাণীজ উপাদানমুক্ত প্রসাধন সামগ্রী বাজারে এনেছেন এক মুসলিম নারী ব্যবসায়ী। অনেক উঁচু মানের প্রসাধন সামগ্রীতে ব্যবহৃত উপাদানকে প্রশ্নবিদ্ধ করে সামিনা আক্তার বার্মিংহামের নিজ বাসায় 'সামিনা পিওর মেক-আপ' নামে এই প্রসাধন সামগ্রীর উৎপাদন শুরু করেছেন। ইসলাম ধর্মে অ্যালকোহল এবং বিভিন্ন ধরনের মাংসের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে শুকরের মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সামিনা যখন জানতে পারেন, তিনি যে প্রসাধন সামগ্রীগুলো ব্যবহার করছেন তার বেশ কয়েকটিতে বিভিন্ন ধরনের ফ্যাটি এসিড এবং শুকরের চর্বি ব্যবহার করা হয়েছে তখন তিনি মর্মাহত হন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সামিনা বলেন, একজন মুসলিম নারী হিসেবে তার মনে প্রশ্ন জাগে, তিনি ত্বকে যা ব্যবহার করছেন তা ইসলামে গ্রহণযোগ্য কিনা। তাই ইসলামের নিয়ম যেন লঙ্ঘন না হয় এজন্য তিনি যে লিপস্টিক এবং আই লাইনার তৈরি করেছেন তাতে ভেষজ নির্যাস, খনিজ পদার্থ, প্রয়োজনীয় তেল ও ভিটামিন ব্যবহার করছেন। জুনের প্রথম দিকে এ প্রসাধন সামগ্রী ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। তিনি বলেন, "আমার মত অনেক মুসলিম নারীই ধর্মীর আস্থা অটুট রেখে নিজেকে সুন্দর করে তুলতে গিয়ে হতাশ হয়েছেন।" তিনি আরো বলেন, এ ব্যাপারে আগ্রহ এতটাই বেড়েছে যে, এমনকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে অনলাইনে এগুলো বিক্রি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/সিআর/১৫২৫ঘ.