২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপসাগরে ফিরে আসতে পারে বনি

তীব্রতা কমে মৌসুমি নিম্নচাপে পরিণত হলেও মৌসুমি ঝড় বনি আবার মেক্সিকো উপসাগরে ফিরে আসতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 04:49 PM

মিয়ামি, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তীব্রতা কমে মৌসুমি নিম্নচাপে পরিণত হলেও মৌসুমি ঝড় বনি আবার মেক্সিকো উপসাগরে ফিরে আসতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকেই মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের আবহাওয়া বিরূপ হতে শুরু করে। অবশেষে এটি দুর্বল হয়ে দক্ষিণ ফ্লোরিডার ওপর দিয়ে বয়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ মাইলের কাছাকাছি নেমে আসায় যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল হ্যারিকেন সেন্টার' এটিকে স্বল্প মাত্রায় মৌসুমি ঘূর্ণিঝড় হিসেবে পুনর্নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের হ্যারিকেন সেন্টার জানায় "গ্রিনিচ মান সময় মধ্যরাতে এবং স্থানীয় সময় রাত আটটার দিকে হ্যারিকেনটি ফ্লোরিডার মায়ার্স শহর হতে ৪৫ মাইল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চল দিয়ে পূর্ব উপসাগরে প্রবেশ করে এবং তা ঘণ্টায় ১৮ মাইল বেগে পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।" যুক্তরাষ্ট্র জানায় গত শুক্রবার এই ঝড়ের কারণে মেক্সিকো উপসাগর হতে তেল ও গ্যাস উৎপাদন ক্ষেত্রে কর্মরতদের সরিয়ে নিয়েছে তাদের প্রতিষ্ঠান। ফলে ২৮ দশমিক ৩ ভাগ তেল এবং ১০ দশমিক ৪ ভাগ গ্যাস উৎপাদন বন্ধ ছিল। এই মেক্সিকো উপসাগর থেকে যুক্তরাষ্ট্রের ৩০ ভাগ তেল, ১১ ভাগ প্রাকৃতিক গ্যাস সরবরাহ আসে। এর আগে শুক্রবার মেক্সিকো উপসাগরে বিপির স্থায়ীভাবে তেল নিঃসরণ বন্ধের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলে দেয় বনি। বনির কারণে তেল নিঃসরণ বন্ধে নিয়োজিত জাহাজসহ কর্মীরা তেলক্ষেত্র ছেড়ে যায়। ফলে আপাতত বন্ধ হয়ে গেছে তেল নিঃসরণ বন্ধের কাজ। ঝড় বনির কারণে বড় কোনো ক্ষয়-ক্ষতির কথা জানা যায়নি এবং ঝড়টি পুনরায় ঘূর্ণিঝড়ে রূপান্তরের কোনো আশংকা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৬ঘ.